ম্যারাডোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সাক্ষী বলটি নিলামে বিক্রি হলো ৪১ কোটি টাকার বেশি দামে।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত দুই গোলের সাক্ষী বলটি এবার নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৪১ কোটি টাকারও বেশি। বলটিতে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কোনো স্বাক্ষর বা দৃশ্যমান চিহ্ন নেই। তবে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে তাঁর পা ও হাতের স্পর্শ পেয়েছিল বলটি।
টেক্সাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার বলটি বিক্রি করে। প্রতিষ্ঠানটি বলটির দাম অন্তত ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে প্রত্যাশা করেছিল। তবে শেষ পর্যন্ত বিক্রয়মূল্য সেই প্রত্যাশার অর্ধেকেরও কমে থেমেছে।
বলটি ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহৃত অ্যাডিডাস আজতেকা মডেলের। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে একই বল দিয়ে দুটি গোল করেন ম্যারাডোনা। প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হয়ে ওঠে। আর দ্বিতীয় গোলটি পরে ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।
ম্যাচের ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ে উঠে বাঁ হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের ঘটনাটি স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় গোলটি বৈধ ঘোষণা করেন। পরে ম্যারাডোনা রসিকতা করে বলেছিলেন, গোলটি হয়েছিল ‘ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাতের’ মিশেলে।
মাত্র চার মিনিট পরই আসে ম্যাচটির দ্বিতীয় এবং আরও বিখ্যাত গোলটি। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দৌড় শুরু করে একের পর এক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেন ম্যারাডোনা। অসাধারণ সেই একক প্রচেষ্টার গোলটি পরবর্তীতে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়।
ঐতিহাসিক ম্যাচের রেফারি আলি বিন নাসের দীর্ঘদিন বলটি নিজের কাছে সংরক্ষণ করেছিলেন। ৩৬ বছর পর, ২০২২ সালে তিনি প্রথমবার এটি নিলামে তোলেন। সে সময় গ্রাহাম বাড অকশনে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়। পরের বছর আবার নিলামে তোলা হলেও সংরক্ষিত মূল্য না ওঠায় সেটি বিক্রি হয়নি। এরপর বিশ্বকাপের সময়কে সামনে রেখে নতুন করে নিলামে তোলা হয় ঐতিহাসিক বলটি।
তবে ম্যারাডোনার ওই ম্যাচের স্মারক হিসেবে বিক্রি হওয়া জার্সির দাম বলটির চেয়ে অনেক বেশি। ২০২২ সালে সোথবিজের নিলামে ইংল্যান্ডের বিপক্ষে ব্যবহৃত ম্যারাডোনার জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল। সে সময় কোনো ম্যাচে ব্যবহৃত ক্রীড়াসামগ্রীর জন্য সেটিই ছিল রেকর্ড মূল্য।
কেএইচ











