দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা মেজর মো. মানজিল হায়দার চৌধুরী। গত

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা : দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা মেজর মো. মানজিল হায়দার চৌধুরী। গত ১২ বছর ধরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে প্রশাসনিক শাখার কোয়ার্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তবে অভিযোগ রয়েছে, এই পদের আড়ালে তিনি মূলত সাবেক কুখ্যাত মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ও তার গোপন অবৈধ সম্পদের প্রধান তদারককারী হিসেবে কাজ করতেন।
ডিজিএফআই অফিসার্স মেসে ‘টর্চার সেল’: অনুসন্ধানে জানা গেছে, তারিক সিদ্দিকীর ক্ষমতার দাপটে অত্যন্ত বেপরোয়া ছিলেন মানজিল হায়দার। ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে ডিজিএফআই অফিসার্স মেসকে তিনি ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। ২০২১ সালে তৎকালীন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামসের সময়কালে মানজিল হায়দারের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অফিসার্স মেসে ডেকে এনে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়। এই ঘটনায় বিএ-৬০৫৭ মেজর এ এস এম মশিউল আলম নামে অপর এক কর্মকর্তাও জড়িত ছিলেন।
বৈষম্যমূলক ব্যবস্থা ও তারিক সিদ্দিকীর আশীর্বাদ: অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ার পর তৎকালীন কর্তৃপক্ষ মেজর মশিউলকে ডিজিএফআই থেকে সেনাবাহিনীতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলেও রহস্যজনকভাবে মানজিল হায়দারকে কোনো শাস্তির আওতায় আনা হয়নি। তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠ হওয়ার কারণে শাস্তির পরিবর্তে তাকে দায়মুক্ত রাখা হয়। প্রতিবাদ করায় মেজর মশিউলকে সেনাবাহিনীতে না পাঠিয়ে বগুড়া ডিজিএফআই শাখায় অভ্যন্তরীণ বদলি করা হয়েছিল। সূত্র জানায়, বিশ্বস্ততার পুরস্কার হিসেবে তারিক সিদ্দিকীর কাছ থেকে ধানমন্ডিতে একটি বিলাসবহুল ফ্ল্যাটও উপহার পান মানজিল।
গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় গোয়েন্দারা: গ্রেফতারকৃত মানজিল হায়দার চৌধুরীকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে সাবেক মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর বিভিন্ন অপকর্ম, অবৈধ অর্থনৈতিক লেনদেন, বেনামি সম্পদ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র চুরির বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। তারিক সিদ্দিকীর আর্থিক সাম্রাজ্যের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে মানজিল চৌধুরীর কাছে অনেক গোপন তথ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার পরও তিনি কীভাবে দীর্ঘদিন প্রভাব খাটিয়ে আত্মগোপন করেছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।












