সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে সাভারে জমি দখলের অভিযোগ

সাভারে ২৫–৩০ বিঘা জমি দখল ও জাল দলিল ব্যবহারের অভিযোগ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (অব.) এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সাভারসহ আশপাশের এলাকায় দলিল জালিয়াতির মাধ্যমে ২৫-৩০ বিঘা জমি দখল এবং অবৈধ অর্থের বিনিয়োগ করে জমি ক্রয়ের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে ।

২০১৮ সালের ২৫ জুন থেকে ২০২১ সালের ২৪ জুন পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে জেনারেল আজিজ আহমেদ ক্ষমতার অপব্যবহার করে সাভার এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ বিঘা জমি বেনামে জাল দলিলের মাধ্যমে দখল করেছেন। তবে এসব দলিলে সরাসরি নিজের নাম উল্লেখ না করে, তার ভাই তোফায়েল আহমেদ জোসেফ, আরেক ভাই আনিস আহমেদের ছেলে আসিফ আহমেদ (মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার), তার অনুসারী হাবিব, বোনের স্বামী নূরুল ইসলাম এবং ম্যানেজার মনিরের মাধ্যমে এসব দখল কার্যক্রম পরিচালনা করেন বলে জানা গেছে। সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ওরফে ‘চায়না আনোয়ার’ এর মাধ্যমে সম্পাদিত জমি কেনায় অবৈধ অর্থের লেনদেন সংক্রান্ত তথ্যও পাওয়া গেছে।

জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের অধিকাংশ সদস্য বর্তমানে পলাতক থাকলেও গোয়েন্দা সূত্রে জানা গেছে, তার ভাই জোসেফ, চায়না আনোয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। গত ২২ আগস্ট রাতে চায়না আনোয়ার চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীন যান এবং পরদিনই ভারতে অবস্থানরত জোসেফের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হন।

সেনাপ্রধান থাকাকালীন আজিজ আহমেদের সরাসরি হস্তক্ষেপে ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর, দুদু মার্কেট, শ্যামলাসী বাহেরচর ও শ্যামলাসী কলাতিয়াপাড়া এলাকায় জোরপূর্বক জমি দখল করা হয়। এখনো জনৈক হাবিব ও মনির ওই এলাকায় অবস্থান করে প্রকৃত জমির মালিকদের হুমকি দিয়ে যাচ্ছেন বলেও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

দখলকৃত জমির বিবরণ:

১. সিলিকন সিটি ও বড়বরদেশী মৌজা (আমিনবাজার): আমিনবাজার ইউনিয়নের বড়বরদেশী মৌজায় সরকার নির্ধারিত প্রাকৃতিক জলাধার ভরাট করে নির্মিত ‘সিলিকন সিটি’ হাউজিং প্রকল্পে জেনারেল আজিজ আহমেদের সহায়তায় আরএস ১৩০৩ দাগ ও খতিয়ান ৩৩৯-এর এক একর জমি দখল করা হয়। এছাড়া বড়বরদেশী মৌজার ১৩১১ দাগে ৩০.৬ কাঠা এবং ১৭৬১ দাগে ৮০ কাঠা জমি তার দখলে থাকলেও সরকারি নথিতে তা 'ছুট' বা প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত। সিলিকন সিটিতে জেনারেলের একটি বাংলোবাড়ি ও রিসোর্ট রয়েছে। প্রকল্পের পরিচালক ফয়েজ আহমেদ, কায়সার ও মেহেদী হাসান পলাতক থাকায় বর্তমানে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।

২. শ্যামলাসী ও দুদু মার্কেট এলাকা: শ্যামলাসী কলাতিয়াপাড়ার জমজম হাউজিংয়ের পাশে ৮০ শতক ও ৫০ শতকের দুটি প্রাকৃতিক জলাধার জেনারেলের ভাই জোসেফের দখলে রয়েছে। দুদু মার্কেট সংলগ্ন অ্যাকটিভ প্রিক্যাডেট স্কুলের পাশে আরএস ১৩৪৯ দাগে ১৮ শতক জমি ২০২২ সালে মোহাম্মদপুরের বাসিন্দা ইউনূসের নামে কেনা হলেও প্রকৃতপক্ষে তা জেনারেল আজিজের সহযোগীদের মাধ্যমেই কেনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৩. শ্যামলাপুর মৌজা ও ব্যাংক মর্টগেজ জালিয়াতি: আজিজের বোনের স্বামী নূরুল ইসলাম শ্যামলাপুর মৌজার এসএ ৩৫৮, ৩৫৯ (আরএস ২৫০০, ২৫০১) দাগে খোরশেদ আলমের ২৬ শতক, সেজান জুস কোম্পানির ২১.০৫ শতক এবং একরামুল হক হানিফের ৪.৯৫ শতকসহ মোট ৫২ শতক জমি ভুয়া দলিলের মাধ্যমে দখল করেন। এই ভুয়া দলিল দিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের কারওয়ান বাজার শাখায় জমিটি মর্টগেজ রাখা হয়েছে। ৫ আগষ্ট ২০২৪ পরবর্তী সময়ে প্রকৃত মালিক জমি উদ্ধার করতে গেলে আজিজের ম্যানেজার মনির তাঁকে হুমকি দেন। বর্তমানে জমিটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এবং সেখানে “মাইশা কুটির, সাবিকুল ইসলাম দুর্জয়” লেখা একটি ফলক রয়েছে। এছাড়া শ্যামলাপুর স্কুলের পাশে আরএস ২৮৮৬ দাগের ৫ কাঠার একটি প্লট নূরুল ইসলাম ও হাবিবের যৌথ নিয়ন্ত্রণে ছিল, যা সম্প্রতি বিক্রি করা হয়েছে।

স্থানীয় রেজিস্ট্রি অফিস ও ভূমি রেকর্ডের তথ্য অনুযায়ী, শ্যামলাপুর ও বড়বরদেশী মৌজার বিভিন্ন দাগে মালিকানার অসঙ্গতি এবং ‘ছুট’ চিহ্নিত জলাধারের ওপর অবৈধ দখলদারিত্বের স্পষ্ট প্রমাণ রয়েছে, এছাড়াও হাতে লিখিত বায়নানামা ও চুক্তিপত্র পর্যালোচনায় দেখা যায় যে, সম্পত্তি ক্রয়ের নামে স্বত্ব ত্যাগের নামকাওয়াস্তে চুক্তি করে পরবর্তী সময়ে জমি রেজিস্ট্রি না করে বলপূর্বক দখলে রাখা হয়েছে। এতে আমমোক্তারনামা এবং হস্তান্তরের ক্ষমতাবিন্যাস সংক্রান্ত যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তা লঙ্ঘন করা হয়েছে।

এমতাবস্থায় ভাকুর্তা ও আমিনবাজার এলাকায় সক্রিয় হাবিব, ম্যানেজার মনিরসহ অন্যান্য সহযোগীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের কারওয়ান বাজার শাখায় ভুয়া দলিলে সম্পাদিত ৫২ শতক জমির মর্টগেজ ফাইল ও ব্যাংক ঋণের সত্যতা পুনঃনিরীক্ষণ; এবং প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জমিগুলো জাতীয় পরিবেশ আইন অনুযায়ী পূর্বাবস্থায় ফেরাতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ