ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

বিজয়ের মাসে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মাধ্যমে দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের তৎপরতা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি।

পাল্টা কর্মসূচি নয়, নিজস্ব উদ্যোগে আয়োজন

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি তৈরি করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি অন্য কোনো রাজনৈতিক দল বা পক্ষের কর্মসূচির পাল্টা হিসেবে নেওয়া হবে না। একইভাবে কোনো এলাকায় সতর্ক পাহারা বা প্রতিপক্ষের কর্মসূচি প্রতিহত করার মতো উদ্যোগও নেওয়া হবে না।

বিএনপি ও তিন অঙ্গসংগঠনের সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন। প্রতিটি সংগঠন নিজস্ব উদ্যোগে আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনে থাকার পর ক্ষমতায় এসেছে বিএনপি। এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে চায় দলটির নেতৃত্ব।

বিশেষ করে বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের সক্রিয় রাখা এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিজয়ের মাসে দল সাধারণত যেসব কর্মসূচি পালন করে, এবারও সে ধরনের কর্মসূচি থাকবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ