কালেমা-খচিত পতাকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও প্রশ্ন

দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে ইসলাম ধর্মের কালেমা-খচিত সাদা-কালো পতাকা নিয়ে মিছিল, শোভাযাত্রা ও প্রকাশ্যে প্রদর্শনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিক

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

দেশের বিভিন্ন স্থানে সাদা-কালো কালেমা-খচিত পতাকা ব্যবহার করে মিছিল, শোভাযাত্রা ও প্রকাশ্য প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিক, নিরাপত্তা বিশেষজ্ঞ, উগ্রবাদ বিশ্লেষক ও অভিবাসন গবেষকরা। তাদের মতে, বিষয়টি দেশীয় প্রেক্ষাপটে ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর ভিন্ন ও সম্ভাব্য নেতিবাচক ব্যাখ্যা তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা দেশ, বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের কাছে এ ধরনের দৃশ্য নিরাপত্তা-ঝুঁকি বা উগ্রবাদী প্রতীকের বিস্তার হিসেবে ভুলভাবে প্রতিফলিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টির প্রকৃত উদ্দেশ্য যাচাই করে রাষ্ট্রের স্পষ্ট অবস্থান জানানো জরুরি।

তাদের মতে, এ ঘটনার কারণে শ্রম অভিবাসন সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এখনই বড় করে দেখার সুযোগ নেই। তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন তৈরি হতে পারে। কেউ কেউ এটিকে বিশ্বকাপ-ঘিরে সাময়িক প্রবণতা, নাকি কোনো সংগঠিত প্রচারণার অংশ—তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কূটনীতিক বলেন, “কোনো পতাকায় কী লেখা আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, এর মাধ্যমে কী বার্তা দেওয়া হচ্ছে। যদি এর পেছনে উগ্রবাদী তৎপরতার ইঙ্গিত থাকে, তাহলে তা মোকাবিলা করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের দৃশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিষয়টি ব্যাখ্যা করা। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত উদ্দেশ্য দ্রুত শনাক্ত করাও জরুরি বলে তিনি মন্তব্য করেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে প্রতীক বা দৃশ্যের ব্যাখ্যা কেবল স্থানীয় আবেগের ওপর নির্ভর করে না; বরং প্রেক্ষাপট, রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি এবং রাষ্ট্রীয় প্রতিক্রিয়া—সব মিলিয়ে তা মূল্যায়ন করা হয়।

অভিবাসন বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা মূলত অর্থনৈতিক ও শ্রমনির্ভর। তবে পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বিষয়টিকে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে দেখতে পারে।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, “কালেমা-খচিত পতাকার ব্যবহারের সঙ্গে শ্রম অভিবাসনের সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে আন্তর্জাতিক পর্যায়ে ভুল ব্যাখ্যা তৈরি হলে কিছু প্রভাব পড়তে পারে।”

তিনি আরও বলেন, বিষয়টি সম্ভবত বিশ্বকেন্দ্রিক কোনো ইভেন্টকে ঘিরে সাময়িকভাবে দেখা যাচ্ছে, তবে এটি স্থায়ী উদ্বেগের কারণ নয়।

উগ্রবাদ বিশ্লেষক ও মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, আন্তর্জাতিকভাবে আল-কায়েদা, আইএস, বোকো হারামসহ বিভিন্ন উগ্রবাদী সংগঠন সাদা-কালো পতাকা ব্যবহার করেছে। একই ধরনের প্রতীক কিছু নিষিদ্ধ বা সন্দেহভাজন সংগঠনের কার্যক্রমেও দেখা গেছে।

তিনি বলেন, “শুক্রবার গুলিস্তান এলাকায় বিভিন্ন দেশের পতাকার পাশাপাশি কালেমা-খচিত পতাকা বিক্রির দৃশ্য দেখা গেছে। এতে বোঝা যায়, এটি এখন সাধারণ মানুষের হাতেও পৌঁছে গেছে। তবে এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক-প্রতীকী ব্যবহারের ইতিহাস রয়েছে।”

তার মতে, বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি করতে পারে। তাই সরকার ও সমাজ উভয় পর্যায়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ধর্মীয় প্রতীককে ঘিরে এমন প্রবণতা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার গভীর কাঠামোর সঙ্গে যুক্ত।

তার মতে, এটি শুধু বিদেশি বিনিয়োগ বা আন্তর্জাতিক ভাবমূর্তির বিষয় নয়, বরং দেশের বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক সমাজ কাঠামোর ওপর এর প্রভাব কী হবে—তা নির্মোহভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশে উগ্র মতাদর্শের সামাজিক গ্রহণযোগ্যতা সীমিত হলেও বিষয়টিকে অতি-প্রতিক্রিয়াশীলভাবে দেখা উচিত নয়।

তিনি বলেন, কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক ব্যাখ্যা তৈরি করার প্রচেষ্টা থাকতে পারে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।

তার মতে, সরকারের উচিত দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য গণমাধ্যমে প্রকাশ করা, যাতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ায়।

সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে, কালেমা-খচিত পতাকা ব্যবহারকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও কূটনৈতিক ব্যাখ্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ