সরকারি সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের; আওয়ামী লীগ সম্পৃক্তদের বাদ দিয়ে ৩ জন গণ্যমান্য ব্যক্তি রাখার সিদ্ধান্ত...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত বিদ্যমান সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব কমিটি থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের বাদ দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আশরাফুল ইসলামের সই করা এক অফিস স্মারকে জেলা প্রশাসকদের (ডিসি) নেতৃত্বাধীন ৯৮টি অগ্রাধিকারপ্রাপ্ত বাড়তি বাড়তি কমিটিসহ সব পর্যায়ে গঠিত কমিটি পুনর্গঠনের এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না থাকলেও, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে—আওয়ামী লীগ সম্পৃক্ত ব্যক্তিদের বাদ দিয়ে কমিটিগুলো ঢেলে সাজানোই এই নির্দেশের প্রধান উদ্দেশ্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারকে বলা হয়, সরকারের কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে গঠিত অধিকাংশ কমিটিই কয়েক বছর আগের। অনেক কমিটির প্রজ্ঞাপন ও হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় প্রশাসনিক গতিশীলতা সচল রাখতে কমিটিগুলো পুনর্গঠন করা আবশ্যক হয়ে পড়েছে।
পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে অন্তত একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এই তিনজনকে মনোনয়ন দেবেন।
মাঠ প্রশাসনের কর্মকর্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতা ও পটপরিবর্তনের প্রেক্ষিতে আওয়ামী লীগ পন্থী অনেকেই আত্মগোপনে রয়েছেন বা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। ধান সংগ্রহ, সার ও বীজ মনিটরিং, কৃষি উন্নয়ন, কিংবা বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশাসনিক কমিটিতে তাদের রাখা অসম্ভব হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে বিতর্কিতদের বৈঠকে ডাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কাও রয়েছে।
এক বিভাগীয় কমিশনার জানান, "কোথাও যেন অসতর্কতাবশত বিতর্কিত লোকজন সদস্য হিসেবে না থাকে, তা নিশ্চিত করতেই উচ্চপর্যায়ের নির্দেশে জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি অগ্রাধিকার ভিত্তিতে হালনাগাদ করা হচ্ছে।"
পিপল/এএইচ












