লঞ্চের ভাড়া বাড়ল, কোন রুটে কত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর লঞ্চের ভাড়া বাড়ল। প্রথম ১০০ কিলোমিটারে ২৩ পয়সা ও এরপর প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বেড়েছে।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন লঞ্চ ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম ও পরিচালন ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে ভাড়া সমন্বয় করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে সর্বনিম্ন ভাড়া যতটা সম্ভব সহনীয় রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক করেন মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, সিএনজির দাম বাড়েনি। ফলে সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কোনো পরিবহন বাড়তি ভাড়া নিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, প্রথম ১০০ কিলোমিটারের ক্ষেত্রে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।

তিনি বলেন, নৌযান মালিকদের পক্ষ থেকে আরও বেশি ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত নতুন ভাড়া মেনে নেওয়া হয়েছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ