ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা জানা গেল

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অধিকার, স্বার্থ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলাদা কোনো দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ সীমিত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। ফলে আলাদাভাবে এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনার জন্য তেমন সময় বা সুযোগ থাকবে না।

তবে সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত জাতিসংঘ অধিবেশন-সংক্রান্ত সংবর্ধনায় যোগ দেবেন। এর বাইরে প্রধানমন্ত্রীর বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের অধিকার, দেশের ভবিষ্যৎ রূপকল্প এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরবেন। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও অগ্রাধিকারগুলো তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, দেশের মানুষের দেশপ্রেম, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে বাংলাদেশের ভবিষ্যৎ কীভাবে এগিয়ে নেওয়া যায়, দেশের স্বার্থ কীভাবে সুরক্ষিত রাখা যায় এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যায়—এসব বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আলোকপাত করবেন।

মাহ্দী আমিন আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর ভাষণ হবে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম।

প্রধানমন্ত্রীর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, এর আগে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান তুলে ধরার কথাও রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর সংক্ষিপ্ত সময়ের জন্য নির্ধারিত। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সফরে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। সফরসঙ্গী হিসেবে একটি তুলনামূলক ছোট প্রতিনিধি দল রয়েছে।

মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। সকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজিত ওয়েলকাম ব্রেকফাস্টে অংশ নেওয়ার পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এরপর বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ