বাড়ল বাসভাড়া, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন ভাড়া নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে।

Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারি হিসাবে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বিবেচনায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ার কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বাস মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। মহানগর ও জেলা—সব ধরনের রুটেই নির্ধারিত ভাড়ার চেয়ে ৩ পয়সা কম নেওয়া হবে। এ বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে।

শিমুল বিশ্বাস আরও বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও তা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে থাকলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতি কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

মালিক সমিতির প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা এবং ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

এর আগে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায়। নতুন দরে ভোক্তা পর্যায়ে ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। এই দর দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ খুচরা মূল্য।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ