ঢাকা থেকে রংপুর লংমার্চ শেষে সরকারকে ‘এক দফার’ হুঁশিয়ারি

গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ থেকে সরকারকে কড়া হুঁশিয়ারি জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতাদের....

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

গণভোটের রায় বাস্তবায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা চালুসহ আট দফা দাবিতে বিরোধী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর পর্যন্ত আয়োজিত দ্বিতীয় দফার লংমার্চ সম্পন্ন হয়েছে। যাত্রাপথে বিভিন্ন স্থানে পথসভা ও রংপুরের জিলা স্কুল মাঠে আয়োজিত মহাসমাবেশ থেকে দাবি মানা না হলে কঠোর ‘এক দফা’ আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলের শীর্ষ নেতারা।

গতকাল শনিবার সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চ শুরু হয়। বহরটি গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পাঁচটি পৃথক পথসভা শেষ করে রাতে রংপুরে পৌঁছায়।

রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত সমাপনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, "সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না, এমনকি কোনো সরকারও থাকবে না।" সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সাত মাসেও কোনো অগ্রগতি দেখা যায়নি। বিএনপি সরকারের ভূমিকা উল্লেখ করে তিনি সতর্ক করেন, স্বৈরাচারের পথে হাঁটলে বর্তমান সরকারের পরিণতিও একই হবে।

পথসভা ও সমাবেশে একই সুর মিলিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার গণজোয়ার ও জনগণের দাবি উপেক্ষা করছে। অবিলম্বে ৮ দফা দাবি না মানলে তা সরকার পতনের 'এক দফা' আন্দোলনে রূপ নেবে। প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়ার পথ নির্ধারণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

লংমার্চের উদ্বোধনী সমাবেশে এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের পথে হাঁটা এবং জুলাই সনদ ও গণভোটের রায়ের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন।

লংমার্চ চলাকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে জামায়াত নেতা আব্দুস সবুর ও নুরুন্নবী গুরুতর আহত হন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সমাবেশ ও লংমার্চজুড়ে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাত সাড়ে ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে লংমার্চ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ