আন্তর্জাতিক নাগরিক সমাজ পর্যবেক্ষণ সংস্থা সিভিকাস সতর্ক করে বলেছে, বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইনের প্রস্তাবিত সংশোধনী সাংবাদিকতা ও অনলাইন মতপ্রকাশকে অপরাধ

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
আন্তর্জাতিক নাগরিক সমাজ পর্যবেক্ষণ সংস্থা সিভিকাস সতর্ক করে বলেছে, বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইনের প্রস্তাবিত সংশোধনী সাংবাদিকতা ও অনলাইন মতপ্রকাশকে অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশের নাগরিক পরিসরকে ‘রিপ্রেসড’ বা ‘দমনমূলক’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
মঙ্গলবার প্রকাশিত এক মূল্যায়নে সিভিকাস মনিটর বলেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটানো ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের দুই বছরেরও বেশি সময় পরও বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
সংস্থাটি বলেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রস্তাবিত সংস্কারগুলো বিএনপি সরকার এখনো কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারেনি। পাশাপাশি অধিকারকর্মীরা সক্রিয়তা ও সরকারের সমালোচনার সুযোগ সংকুচিত হওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।
এ ছাড়া এনজিও বিষয়ক ব্যুরোর সংস্কার না হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে সিভিকাস। অধিকার সংগঠনগুলো এর আগে সমালোচনামূলক নাগরিক সমাজের সংগঠনগুলোর বিরুদ্ধে এই প্রতিষ্ঠানটি ব্যবহারের অভিযোগ তুলেছে।
সাইবার আইন নিয়ে নতুন উদ্বেগ
সিভিকাসের মূল্যায়নে অন্যতম প্রধান উদ্বেগের বিষয় ছিল প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৬-এর সংশোধনী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্ধৃতি দিয়ে সিভিকাস বলেছে, ‘গুজব’, ‘ভুল তথ্য’, ‘অবমাননাকর’, ‘মানহানিকর’ এবং ‘রাষ্ট্রকে অপমান’—এ ধরনের শব্দ এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা ও লক্ষ্যভিত্তিক অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।
প্রস্তাবিত আইনে মানহানির জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা বড় অঙ্কের জরিমানা এবং গুজব বা ভুয়া খবর ছড়ানোর জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে।
এ ছাড়া ‘কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ এবং ‘কোনো বিদেশি রাষ্ট্র বা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে’ কাজ করার মতো অস্পষ্টভাবে সংজ্ঞায়িত কিছু অপরাধকে জামিন অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) পৃথকভাবে সতর্ক করেছে, এসব সংশোধনী কার্যকর হলে সাংবাদিকদের প্রকাশিত কনটেন্ট ব্লক করা এবং সংবাদমাধ্যমের নিবন্ধন বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের ক্ষমতা বাড়তে পারে।
প্রস্তাবিত বিধান অনুযায়ী, কোনো অনলাইন কনটেন্টকে কর্তৃপক্ষ ‘অপ্রমাণিত বা যাচাইহীন’ মনে করলে এবং সেটি জনমনে বিভ্রান্তি, আতঙ্ক বা অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করলে আইনের আওতায় নেওয়া হতে পারে। এসব মামলার বিচার হবে সাইবার ট্রাইব্যুনালে।
ডিজিটাল কনটেন্ট ব্লকের আবেদন করার ক্ষমতাও আরও বিস্তৃত করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমান আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাপরিচালকের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে এ ধরনের অনুরোধ করতে পারে। প্রস্তাবিত সংশোধনীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সরকার অনুমোদিত অন্যান্য সংস্থা বা বাহিনীকেও এই ক্ষমতার আওতায় আনার কথা বলা হয়েছে।
টিআইবি চলতি মাসে পৃথক এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবিত আইনটি মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এর ব্যাপক সংশোধন প্রয়োজন।
মামলা, হামলা ও হুমকির মুখে সাংবাদিকরা
সিভিকাস সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা, হামলা ও হুমকির ঘটনাও তুলে ধরেছে।
আগস্টে সিপিজে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান জানায়।
অন্য মামলায় কারাগারে থাকা এই তিন সাংবাদিককে ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমন-পীড়নে উসকানি দেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছিলেন। প্রসিকিউশন ২০২৪ সালের ১৪ জুলাই শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনে করা প্রশ্নের প্রসঙ্গও টেনেছে, যা আন্দোলনকারীদের নিয়ে পরবর্তী সময়ে করা মন্তব্যে ভূমিকা রেখেছিল বলে তারা দাবি করে।
একাত্তর টিভির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং চ্যানেলটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলাম কর্মীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযানের ঘটনায় করা পৃথক মামলায় মে মাসে গ্রেপ্তার করা হয়। ২৭ জুলাই শেখ হাসিনা ও আরও ৩৯ জনের সঙ্গে তাদের নামও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
সিভিকাস আরও কয়েকটি ঘটনা উল্লেখ করেছে। এর মধ্যে দুর্নীতির অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামের গ্রেপ্তার, সাতক্ষীরার জেলা প্রশাসকের বিরুদ্ধে যমুনা টিভির প্রতিবেদক আকরামুল ইসলামের হুমকির অভিযোগ এবং শরীয়তপুরে সময় টিভির সাংবাদিক বিএম ইসরাফিলের ওপর হামলার অভিযোগ রয়েছে।
কুষ্টিয়ার সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবিবকে ২৬ আগস্ট একটি বেনামি চিঠি দিয়ে লেখালেখি বন্ধ করতে বলা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
২৮ আগস্ট মেহেরপুরে পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন করতে গিয়ে দুই সাংবাদিককে মারধর, আটকে রাখা এবং তাদের সরঞ্জাম নিয়ে নেওয়ার অভিযোগও করেছে সিভিকাস।
অনলাইন সমালোচকদের গ্রেপ্তার
অনলাইনে মতপ্রকাশের কারণে গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরেছে সিভিকাস।
৩ সেপ্টেম্বর গাজীপুরে ২০ বছর বয়সী শিক্ষার্থী সিফাত আবদুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা তার একটি ফেসবুক ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে আটক করা হয়।
পরে ১৭ জুন দায়ের করা একটি পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলাটি মশাল মিছিল এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্যদের ওপর হামলার অভিযোগে করা হয়েছিল। মামলার এজাহারে সিফাতের নাম ছিল না।
৭ সেপ্টেম্বর তার জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে পুলিশ তার একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলে। তবে তার আইনজীবী বলেন, ভাইরাল ভিডিওতে করা মন্তব্যগুলো এজাহারে উল্লেখ নেই।
১৯ সেপ্টেম্বর সিলেটে ২১ বছর বয়সী মেহেদী আহমেদকেও ফেসবুকে তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আটক করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ
সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিধিনিষেধের কথা উল্লেখ করেছে সিভিকাস।
সরকারের অনুমোদিত বাংলাদেশি চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস-এর প্রদর্শনী ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় ধর্মীয় ছাত্র সংগঠনগুলোর আপত্তির পর বন্ধ হয়ে যায়। আয়োজকদের দাবি, অনুষ্ঠানস্থল ব্যবহারের অনুমতি প্রত্যাহার করা হয় এবং তারা প্রশাসনের কোনো সহযোগিতা পাননি।
কসবায় দ্বিতীয়বার প্রদর্শনীর উদ্যোগও প্রশাসনিক হস্তক্ষেপের পর বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা ঢুকে চেয়ার ভাঙচুর করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে সাত পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন আহত হন বলে জানা গেছে।
পরদিন কিশোরগঞ্জ জেলা প্রশাসন অ্যাশেজ, নোবেলম্যানসহ কয়েকটি ব্যান্ডের অংশগ্রহণে একটি কনসার্ট বাতিল করে। এর আগে স্থানীয় ইমাম ও ইসলামি আলেমদের একটি পরিষদ ধর্মীয় কারণ দেখিয়ে অনুষ্ঠানটি বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিল।
কারাগারে অধিকারকর্মী
চা শ্রমিকদের অধিকারকর্মী গীতা রানী কানুর আটক থাকার বিষয়টিও তুলে ধরেছে সিভিকাস।
২ সেপ্টেম্বর মৌলভীবাজারে সাদা পোশাকের পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের করা একটি অভিযোগে তাকে প্রধান আসামি করা হয়েছিল।
ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের দাবি, ইউনিয়ন কার্যালয়ে প্রবেশ, সাধারণ সম্পাদককে মারধর, টাকা চুরি এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে অধিকার সংগঠনটি অভিযোগগুলো অস্বীকার করেছে। তাদের দাবি, ৩১ আগস্ট চা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে আহত হয়ে গীতা রানী কানু ও অন্য বিক্ষোভকারীরা তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন মানবাধিকার কমিশন আইন নিয়ে সমালোচনা
৬ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ সংসদে পাস হওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে সিভিকাস।
সংস্থাটির মতে, নতুন আইনটি ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার প্রণীত এবং এপ্রিলে বাতিল হওয়া এনএইচআরসি অধ্যাদেশে থাকা কিছু সুরক্ষার তুলনায় পিছিয়ে গেছে।
সিভিকাসের মূল্যায়ন অনুযায়ী, নতুন কমিশনার নির্বাচন প্রক্রিয়ায় সরকারের কর্মকর্তাদের প্রভাব বেশি থাকবে। একই সঙ্গে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ঠেকাতে ২০২৫ সালের অধ্যাদেশে থাকা কিছু সুরক্ষাও বাদ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনী-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক বলে মনে করে সিভিকাস। কারণ, অভিযোগের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোই কার্যত নিজেদের বিরুদ্ধে তদন্ত করতে পারে।
তবে কমিশনে নারী ও জাতিগত সংখ্যালঘু বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান এবং অধিকাংশ আটককেন্দ্র পরিদর্শনের সুযোগ রাখাকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
গুমবিরোধী আইন নিয়েও প্রশ্ন
৬ সেপ্টেম্বর সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনও পাস হয়।
ফোর্টিফাই রাইটসের উদ্ধৃতি দিয়ে সিভিকাস বলেছে, আইনে গুমকে স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি অপরাধীদের তদন্ত ও বিচারের ব্যবস্থা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য কিছু অধিকার ও ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে।
তবে ফোর্টিফাই রাইটসের মতে, আইনটি স্বাধীন তদন্ত নিশ্চিত করতে পারেনি।
আইনের ১৪ ধারায় ভুক্তভোগীদের কোনো স্বাধীন প্রতিষ্ঠানের পরিবর্তে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ করার কথা বলা হয়েছে। এতে নির্যাতনের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তাদের নিজেদের প্রতিষ্ঠান দিয়েই তদন্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
আইনে গুমের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে।
র্যাবের জায়গায় নতুন বাহিনী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সরকারি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে সিভিকাস।
১৭ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করা হয়। এরপর এর জনবল, ক্ষমতা, স্থাপনা, অর্থ, সম্পদ ও দায় নতুন গঠিত এসআরবির কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘদিন ধরে র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগের পর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাহিনীটি বিলুপ্ত করার সুপারিশ করেছিল। বাংলাদেশ পুলিশের সংস্কার কমিশনও র্যাবের কার্যক্রম নিয়ে অভিযোগ পর্যালোচনার পর বাহিনীটির বিষয়ে পুনর্মূল্যায়নের সুপারিশ করেছিল।
সিভিকাস সরকারের এই পদক্ষেপকে কাঠামোগত সংস্কারের পরিবর্তে নাম পরিবর্তন হিসেবে বর্ণনা করেছে।
রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সেন্টারও নতুন আইনটির সমালোচনা করে বলেছে, এতে পর্যাপ্ত মানবাধিকার যাচাই ও স্বাধীন নজরদারি ছাড়াই আগের কাঠামো বহাল রাখা হয়েছে।
পিপল/এনটি












