বাংলাদেশে অফিস খুলতে আগ্রহী মেটা

ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা। ই-কমার্স, অনলাইন ব্যবসা ও সাইবার নিরাপত্তায় বাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বড় ফেসবুক ব্যবহারকারীভিত্তি ও দ্রুত সম্প্রসারিত অনলাইন ব্যবসার বাজার বিবেচনায় ঢাকায় কার্যালয় স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে ই-কমার্স, অনলাইন ব্যবসা এবং সাইবার নিরাপত্তাসহ ডিজিটাল খাতের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও সময়সূচির কারণে তিনি অংশ নিতে পারেননি। বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

ঢাকায় কার্যালয় স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অফিস খোলার ব্যাপারে মেটা অত্যন্ত আগ্রহী। ঢাকাকে প্রতিষ্ঠানটির কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টিও আলোচনায় এসেছে।

বৈঠকে বাংলাদেশের বড় ফেসবুক ব্যবহারকারীভিত্তি ও অনলাইন ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ডিজিটাল পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে বাংলাদেশে ফেসবুকের আনুমানিক ব্যবহারকারী ছিল ৭ কোটি ৫১ লাখের বেশি। তবে এসব সংখ্যা মেটার বিজ্ঞাপনভিত্তিক পরিসংখ্যান থেকে পাওয়া এবং এগুলোকে প্রকৃত সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হিসেবে বিবেচনা করা উচিত নয়।

আলোচনায় বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইনসহ ডিজিটাল খাতের বিভিন্ন নীতিগত বিষয়ও উঠে আসে। পাশাপাশি ই-কমার্স, অনলাইন ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণে মেটার সম্ভাব্য সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বাংলাদেশে কার্যক্রম বাড়ানোর অংশ হিসেবে সম্প্রতি স্থানীয় ব্যবসায়ীদের জন্য পেমেন্ট সুবিধা চালু করেছে মেটা। এর ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা বিকাশের মতো স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করতে পারছেন। এতে বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসার ডিজিটাল বিজ্ঞাপন ব্যবহারের সুযোগ বাড়ছে।

এদিকে মেটা ও লাইটক্যাসল পার্টনার্স সম্প্রতি ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি নিয়ে একটি আয়োজন করে। সেখানে ছোট ও মাঝারি ব্যবসাগুলোর জন্য ডিজিটাল বিপণন এবং এআইভিত্তিক ব্যবসায়িক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণের বিষয়টি তুলে ধরা হয়।

মেটার ‘স্মল বিজনেস গ্রোথ একাডেমি’র আওতায় বাংলাদেশে এক হাজারের বেশি ছোট ও মাঝারি ব্যবসাকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রমও চলছে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং দ্রুত সম্প্রসারিত অনলাইন ব্যবসার বাজারকে কাজে লাগিয়ে মেটার সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ করে ডিজিটাল বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, অনলাইন নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে এ সহযোগিতা ভূমিকা রাখতে পারে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ