সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ছবিঃ সংগ্রহীত

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধনের আওতায় এনে একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরির প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ পরিকল্পনার কথা জানান।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের একটি নীতি-নির্ধারণী সভায় অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় ইসি সচিব আখতার আহমেদ ৬ থেকে ১৬ বছর বয়সীদের নিবন্ধনের প্রস্তাব উত্থাপন করেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে এ কার্যক্রম শুরু করার পরামর্শ দেন।
এ বিষয়ে একটি বিস্তারিত কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কার্যকর সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি অনুবিভাগের মহাপরিচালককে।
বর্তমানে ১৭ বছর বয়স পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। তবে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ এবং পরিচয় নিশ্চিত করার সুবিধার্থে কম বয়সীদেরও এনআইডির আওতায় আনার দাবি দীর্ঘদিনের।
এদিকে নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।











