গাজী মো. নজরুল ইসলাম
কে কী বলছে বা না বলছে জানিনা, আমি এখনো জামায়াতের

বহিষ্কারের পরও নিজেকে খাতা-কলমে জামায়াতের সদস্য দাবি করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। দল বলছে, তিনি আর সদস্য নন।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

পিপল রিপোর্ট : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলাম বলেছেন, দল থেকে বহিষ্কার করা হলেও খাতা-কলমে তিনি এখনো জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে রয়েছেন। তবে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, বহিষ্কারের পর তিনি আর দলের সদস্য নন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান তুলে ধরেন গাজী নজরুল। তিনি বলেন, “আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সদস্যপদ আমার আল্লাহর রহমতে এখনো আছে। আমি জামায়াতের সদস্য হিসেবেই তো এখনো আছি খাতা-কলমে সব জায়গায়। এটা আমার যতদূর জানা। আর জামায়াত কী বলছে বা না বলছে, সেটা আমার জানা নেই।”

এর আগে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ নিয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেয় জামায়াতে ইসলামী। তবে এখনো তার সংসদ সদস্য পদ বহাল রয়েছে। ফলে তিনি বর্তমানে কোন পরিচয়ে সংসদে রয়েছেন—জামায়াতের এমপি নাকি স্বতন্ত্র সদস্য—তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

জামায়াতের নেতারা অবশ্য গাজী নজরুলের বক্তব্যের সঙ্গে একমত নন। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ বলেন, গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কী বলছেন, সে বিষয়ে তার জানা নেই।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরও বলেন, গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। জুলাইয়ে দলটি জানিয়েছিল, সাংগঠনিক তদন্তের পর গাজী নজরুলকে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কি না, সে বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে তার এমপি পদ বহাল থাকার কথা বলা হয়েছিল।

৭৫ বছর বয়সী গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দলীয় তদন্ত শুরু করে জামায়াতে ইসলামী। তদন্তের পর দলটি তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। তবে ওই অভিযোগের বিষয়ে গাজী নজরুলের নিজস্ব বক্তব্যও রয়েছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ