গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। একই দিন এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
কেএইচ











