নরমাল ডেলিভারি রুম না থাকলে ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আগামী শনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, পাশাপাশি ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী..

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

আগামী শনিবারের মধ্যে দেশের সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) রুম নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান (অস্ত্রোপচার) প্রসবের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মায়েদের নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করতেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।" অতীতে গ্রামীণ ঐতিহ্য ও দাইদের মাধ্যমে স্বাভাবিক প্রসবের কথা স্মরণ করে তিনি বলেন, দেশ উন্নত হলেও সেই সুন্দর ও নিরাপদ পদ্ধতিগুলো হারিয়ে যাচ্ছে।

সিজারিয়ান প্রসবের নেতিবাচক দিক তুলে ধরে মন্ত্রী বলেন, "বর্তমানে অধিকাংশ প্রসবই সিজারের মাধ্যমে হচ্ছে। এর ফলে নবজাতকরা মায়ের শালদুধ থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের দীর্ঘমেয়াদী পুষ্টির ঘাটতি তৈরি করছে।" পুষ্টিহীনতার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে উল্লেখ করে তিনি উদাহরণ দেন, আগে হামকে সাধারণ ঘামাচির মতো মনে করা হলেও পুষ্টির অভাবে সেটি এখন মারাত্মক ও ঘাতক ব্যাধিতে রূপ নিয়েছে।

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে টেকসই উন্নয়নের অন্যতম শর্ত উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন ছাড়া দেশের সুষম অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।"

দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল ও নারী-বান্ধব করতে এক বড় নিয়োগ পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, সারাদেশে শূন্য থাকা ১ লাখ স্বাস্থ্যকর্মীর পদ পূরণ করা হবে, যার মধ্যে ৮০ হাজারই নেওয়া হবে নারী স্বাস্থ্যকর্মী। আর এই নারী স্বাস্থ্যকর্মীদের মধ্যে সিংহভাগই থাকবেন দক্ষ মিডওয়াইফ (ধাত্রী)।

কর্মশালায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি চিকিৎসক এবং মিডওয়াইফারি সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ