ক্যানসার চিকিৎসায় এক যুগান্তকারী মাইলফলক স্পর্শ করল প্রতিবেশী দেশ ভারত। ফুসফুসের ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য মাত্র সাত মিনিটে পুশ করা সম্ভব—এমন একটি অত্যাধুন

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ক্যানসার চিকিৎসায় এক যুগান্তকারী মাইলফলক স্পর্শ করল প্রতিবেশী দেশ ভারত। ফুসফুসের ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য মাত্র সাত মিনিটে পুশ করা সম্ভব—এমন একটি অত্যাধুনিক ইনজেকশন চালু করা হয়েছে দেশটিতে। 'টেসেন্ট্রিক' (Tecentriq) নামের এই নতুন ইনজেকশনটি নিয়ে এসেছে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রশ ফার্মা ইন্ডিয়া (Roche Pharma India)।
চিকিৎসকেরা বলছেন, এই উদ্ভাবন ক্যানসারের ইমিউনোথেরাপিকে আরও দ্রুত ও সহজ করবে। তবে এই জীবনদায়ী ওষুধের আকাশচুম্বী দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। প্রতি ডোজ ইনজেকশনের দাম রাখা হয়েছে প্রায় ৩ লাখ ৭০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ টাকার কাছাকাছি)।
কেন এই ইনজেকশন অনন্য?
এর আগে ক্যানসার রোগীদের শিরায় স্যালাইনের মাধ্যমে (IV Infusion) ইমিউনোথেরাপি দিতে হতো। এতে রোগীকে হাসপাতালে দীর্ঘ কয়েক ঘণ্টা শুয়ে থাকতে হতো, যা ছিল অত্যন্ত ক্লান্তিকর।
নতুন এই ‘সাবকিউটেনিয়াস’ (Subcutaneous) ইনজেকশনের মাধ্যমে ওষুধটি সরাসরি ত্বকের নিচে—সাধারণত উরুতে—পুশ করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মাত্র ৭ মিনিট। ফলে হাসপাতালে রোগীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি এবং মানসিক চাপ অনেকটাই কমে যাবে। চিকিৎসকদের মতে, কম সময়ের কারণে বিশেষ করে বয়স্ক ও দূর-দূরান্ত থেকে আসা রোগীদের জন্য চিকিৎসা নেওয়া অনেক সহজ হবে।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
এই ইনজেকশনে ব্যবহার করা হয়েছে ‘অ্যাটেজোলিজুমাব’ (Atezolizumab) নামের একটি ওষুধ। এটি মানবদেহের ‘PD-L1’ নামের একটি প্রোটিনকে ব্লক বা নিষ্ক্রিয় করে দেয়।
ক্যানসার কোষগুলো সাধারণত এই ‘PD-L1’ প্রোটিনকে ঢাল হিসেবে ব্যবহার করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immune System) থেকে নিজেদের লুকিয়ে রাখে। ইনজেকশনটি এই প্রোটিনকে ব্লক করে দেওয়ার সাথে সাথেই শরীরের রোগ প্রতিরোধকারী কোষগুলো ক্যানসার কোষকে চিনে ফেলে এবং সেগুলোকে ধ্বংস করতে শুরু করে।
কেমোথেরাপি বনাম ইমিউনোথেরাপি: প্রথাগত কেমোথেরাপি যেখানে ক্যানসার কোষের পাশাপাশি শরীরের সুস্থ কোষগুলোকেও ধ্বংস করে ফেলে, সেখানে ইমিউনোথেরাপি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে ক্যানসারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। ফলে এর পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম।
কারা পাবেন এই চিকিৎসা?
মূলত নন-স্মল সেল লাং ক্যানসার (NSCLC) আক্রান্ত রোগীদের জন্য এই চিকিৎসা ডিজাইন করা হয়েছে, যা ফুসফুসের ক্যানসারের সবচেয়ে সাধারণ রূপ।
তবে সব রোগী এই ইনজেকশন নিতে পারবেন না। চিকিৎসকেরা প্রথমে পরীক্ষা করে দেখেন রোগীর ক্যানসার কোষে ‘PD-L1’ প্রোটিনের মাত্রা কেমন। যাদের শরীরে এই প্রোটিনের মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে এই ওষুধ সবচেয়ে ভালো কাজ করে। বিশেষজ্ঞদের ধারণা, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেকই এই চিকিৎসার আওতাভুক্ত হতে পারবেন।
সাধারণের নাগালের বাইরে খরচ
এই চিকিৎসার সবচেয়ে বড় বাধা এর খরচ। চিকিৎসকদের মতে, একজন রোগীকে সুস্থ করতে সাধারণত অন্তত ৬ ডোজ ইনজেকশন প্রয়োজন হয়। ফলে মোট খরচ দাঁড়াবে প্রায় ২২ লাখ রুপি (প্রায় ৩০ লাখ টাকা)। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য এই খরচ বহন করা প্রায় অসম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক গবেষণাগারে অত্যন্ত জটিল প্রযুক্তিতে তৈরি হওয়ায় বিশ্বজুড়েই ইমিউনোথেরাপির খরচ বেশি। তবে খরচ কমাতে রশ ফার্মা ‘ব্লু ট্রি’ নামের একটি রোগী সহায়তা কর্মসূচি চালু করেছে। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য স্কিমের (CGHS) আওতায়ও কিছু রোগী আর্থিক ছাড় পাবেন।
তবুও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই জীবনদায়ী চিকিৎসা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকারি পর্যায়ে আরও বড় ধরনের উদ্যোগ এবং ভতুর্কির প্রয়োজন। খরচ নিয়ে বিতর্ক থাকলেও, ক্যানসার চিকিৎসায় এই ৭ মিনিটের ইনজেকশনকে একটি বড় ধরনের চিকিৎসা বিজ্ঞানসংক্রান্ত অগ্রগতি হিসেবেই দেখছেন চিকিৎসকেরা।











