‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির সাফল্যে সনি পিকচার্সের মুনাফা বেড়েছে ৫২৭ শতাংশ

হলিউডের চলচ্চিত্র প্রতিষ্ঠান সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের (এসপিই) দ্বিতীয় প্রান্তিকের মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির বক্স অফিস সাফল্যই এর প্রধান কারণ।

News

Photo: Deadline


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:
বন্ধুসুলভ প্রতিবেশী স্পাইডার-ম্যান সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের (এসপিই) দ্বিতীয় প্রান্তিকের মুনাফায় ব্যাপক বৃদ্ধি এনে দিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তিন মাসে এসপিই ৫৮ কোটি ১০ লাখ ডলার আয় করেছে। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির আয় ছিল ৯ কোটি ৩০ লাখ ডলার। ডলারের হিসাবে এই প্রবৃদ্ধি ৫২৭ শতাংশ। এই আয় বৃদ্ধির প্রধান কারণ ছিল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির বক্স অফিস সাফল্য। সুদ ও ঋণ পরিশোধের আগের সমন্বিত পরিচালন মুনাফা গত বছরের ১৮ কোটি ৩০ লাখ ডলার থেকে বেড়ে ৬৭ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। রাজস্ব আয় হয়েছে ৩২০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি। মূলত ছবিটির সুবাদে সিনেমা হল থেকে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ জুলাই মাসের শেষ দিকে মুক্তি পায় এবং উত্তর আমেরিকার বক্স অফিসে রেকর্ড গড়ে। মুক্তির প্রথম তিন দিনের আয়ের ক্ষেত্রে এটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর রেকর্ড ভেঙে দেয়। এই আয়ের ধারাবাহিকতায় এসপিই দ্বিতীয় প্রান্তিকে বড় অঙ্কের আয় করেছে। বর্তমানে ছবিটি সর্বকালের সর্বাধিক আয়কারী চলচ্চিত্রের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। আগস্ট মাসে ছবিটি ভারতে সর্বকালের সর্বাধিক আয়কারী হলিউড চলচ্চিত্রে পরিণত হয়। আন্তর্জাতিক বক্স অফিসে ১০০ কোটি ডলার আয়ের ক্ষেত্রে এটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পরেই দ্বিতীয় দ্রুততম ছবি। বৈশ্বিক বক্স অফিসে ১০০ কোটি ডলার স্পর্শ করার ক্ষেত্রেও ছবিটি দ্বিতীয় দ্রুততম ছিল এবং আরও বেশ কিছু রেকর্ড গড়েছে। গত বছরের একই সময়ে এসপিই ২৩০ কোটি ডলার রাজস্ব আয়ে ৯ কোটি ৩০ লাখ ডলার মুনাফা করেছিল। তখন মুনাফা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ কমেছিল। সামগ্রিকভাবে, মিডিয়া ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠান সনি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩ লাখ ৪৩ হাজার কোটি ইয়েন (২১ দশমিক ৫ বিলিয়ন ডলার) গ্রুপ রাজস্ব অর্জন করেছে, যা ১০ শতাংশ বেশি। পরিচালন মুনাফা হয়েছে ৬২ হাজার ২৩০ কোটি ইয়েন (৩ দশমিক ৯ বিলিয়ন ডলার), যা ৪৫ শতাংশ বেশি। এই হিসাবে ডলার-ইয়েন বিনিময় হার ধরা হয়েছে ১ ডলার সমান ১৫৯ ইয়েন। আগামী সপ্তাহগুলোতে সনি আরও আর্থিক সুফল পাওয়ার আশা করছে। সনি প্লেস্টেশন ৫ ও এক্সবক্সে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ মুক্তির কথা রয়েছে। আগের সংস্করণের ১৩ বছর পর আসা এই গেমটি ইতিহাসের অন্যতম প্রত্যাশিত গেম হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ