শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা। পারিশ্রমিক নয়, সিনেমাটি সুন্দরভাবে শেষ করাই তাঁর প্রধান লক্ষ্য।

ছবিঃ সংগ্রহীত

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক হওয়ার কথা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে। বড় বাজেটের এই সিনেমায় অভিনয়ের জন্য দীর্ঘ সময় অন্য কোনো বড় প্রকল্পে যুক্ত হননি তিনি। তবে অর্ধেকের বেশি শুটিং শেষ হওয়ার পর থমকে আছে সিনেমাটির কাজ। কবে আবার শুটিং শুরু হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এর মধ্যে শোনা যাচ্ছিল, নভেম্বরে সিনেমাটির শুটিং আবার শুরু হতে পারে। অন্যদিকে, শাকিব খান এ মাসেই ঈদুল ফিতরের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন বলে খবর এসেছে। তবে এসব নিয়ে হতাশ নন তানজিন তিশা। নিজের প্রথম সিনেমা নিয়ে এখনো আশাবাদী তিনি। শুটিংয়ের জন্য তাঁর শিডিউলও প্রস্তুত রয়েছে। কাজ শুরু হলেই অংশ নিতে চান এই অভিনেত্রী।
তানজিন তিশা জানান, ‘সোলজার’ সিনেমার জন্য তাঁর শিডিউল উন্মুক্ত রয়েছে। শুটিং শুরু হলেই তিনি যুক্ত হবেন। তাঁর সঙ্গে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি বলেও জানান তিনি। বরং আগ্রহ নিয়েই সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন।
শুটিং বন্ধ থাকলেও এই সময়ে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। তবে সিনেমাটির জন্য নতুন কোনো বড় প্রকল্পে যুক্ত হচ্ছেন না তিনি। এর আগেও ‘সোলজার’-এর শুটিংয়ের অপেক্ষায় টানা চার মাস অন্য কোনো কাজে যুক্ত হননি। এখনো একইভাবে সিনেমাটিকে অগ্রাধিকার দিচ্ছেন।
পারিশ্রমিক নয়, সিনেমা শেষ করাই লক্ষ্য
সিনেমাটির শুটিং বন্ধ থাকায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে জটিলতার গুঞ্জন ছড়িয়েছে। অভিযোগ রয়েছে, কয়েকজন অভিনয়শিল্পী পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে চাইছেন না।
এ বিষয়ে তানজিন তিশা জানান, পারিশ্রমিক নিয়ে জটিলতার কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি বিস্তারিত আলোচনা হয়নি। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিনেমাটির কাজ শেষ করা।
তিশার ভাষ্য, সিনেমাটি নিয়ে ভেতরে অনেক কিছুই শুনছেন, তবে সেসব বিষয়ে মনোযোগ দিতে চান না। কোনো ভুলত্রুটি বা সমস্যা থাকলে তা সমাধান করে দ্রুত শুটিং শুরু হোক, সেটিই তাঁর প্রত্যাশা। দীর্ঘ অভিনয়জীবনের প্রথম সিনেমাটি যেন সুন্দরভাবে শেষ করে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়, সেই চাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এখনো বাকি গানের শুটিং
‘সোলজার’ সিনেমার গানের অংশের শুটিং এখনো বাকি রয়েছে। কবে আবার শুটিং শুরু হবে, তা জানতে পরিচালক ফাহাদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
২০২৫ সালের ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হয়। প্রথম দিন থেকেই শুটিং কার্যক্রম চললেও সেদিন অংশ নেননি শাকিব খান। পরে তিনি ও সিনেমার অন্য প্রধান অভিনয়শিল্পীরা শুটিংয়ে যোগ দেন। শুটিংয়ের সময় শাকিব খানের নতুন লুকও আলোচনায় এসেছিল।
সিনেমাটির বাকি কাজ কবে শেষ হবে এবং ঈদে মুক্তি পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।











