২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর। এবার আবেদনের যোগ্যতায় শিথিলতা এনে মোট জিপিএ ৮ নির্ধারণ করা হয়েছে।

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছভুক্ত ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। তবে সরকার থেকে নতুন কোনো নির্দেশনা এলে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনকারীদের যোগ্যতা এবং পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এবারের ভর্তি পরীক্ষা পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তাদের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রেখেছে। সে বিবেচনায় কৃষিগুচ্ছের পরীক্ষাও পূর্বনির্ধারিত ২ জানুয়ারিতেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারিভাবে কোনো নির্দেশনা পাওয়া গেলে সময়সূচি পুনর্বিবেচনা করা হবে।
এবার ভর্তি আবেদনের যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে এবং দুই পরীক্ষায় সম্মিলিত জিপিএ হতে হবে কমপক্ষে ৮। আগে চতুর্থ বিষয় বাদ দিয়ে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ এবং মোট জিপিএ ৮.৫০ প্রয়োজন হতো।
এবার ভর্তি পরীক্ষার জন্য মোট নয়টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আবেদন করার সময় শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে পারবেন।
আগামী ২৫ নভেম্বর ভর্তি পরীক্ষার ওয়েবসাইট চালু হলে আবেদন পদ্ধতি, আসনসংখ্যা, পরীক্ষার কেন্দ্র এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।
উল্লেখ্য, এবারের কৃষিগুচ্ছের আওতায় রয়েছে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তবে এবারের ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী ভর্তি করা হবে নয়টি বিশ্ববিদ্যালয়ে।











