একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে জানা গেছে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অনলাইনে ভর্তির আবেদন আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতেই এবারও শিক্ষার্থী ভর্তি করা হবে; কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণের পর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে কলেজ নির্ধারণ করা হবে। ভর্তি কার্যক্রমের পুরো প্রক্রিয়াই নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। পুনঃনিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তিত হবে এবং যারা প্রথম ধাপে আবেদন করতে পারেনি, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবে।
দ্বিতীয় ধাপে আবেদনকারীদের ফলাফল ১৪ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সব প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অর্থাৎ প্রায় ৭ লাখ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। গত বছর এসব আসনের মাত্র ৫৮ দশমিক ৭ শতাংশ পূরণ হয়েছিল। ফলে ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এ বছর পাসের হার কম হওয়ায় খালি আসনের সংখ্যা আরও বাড়তে পারে।
তবে আসন বেশি থাকলেও ভালো ফল করা সব শিক্ষার্থীর পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থাকবে না। কারণ, নামী ও অপেক্ষাকৃত ভালো কলেজগুলোতে আসন সংখ্যা তুলনামূলক কম। এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।
পিপল/এএইচ











