পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করল শিক্ষা বোর্ড...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর নির্ধারিত তারিখ একদিন পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর প্রাথমিক তারিখ নির্ধারিত ছিল আগামী ২৩ সেপ্টেম্বর। তবে ওই একই দিনে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে এবং সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি থাকবে।
ছুটির বিষয়টি বিবেচনা করে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির কারণে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে পুনর্নির্ধারণ করা হলো।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কলেজ অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের এই সময়সূচি পরিবর্তনের বিষয়টি দ্রুত অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
পিপল/এএইচ












