রাজউক উত্তরা মডেল কলেজে ভাষা ও আবৃত্তি ক্লাবের আয়োজনে ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘রাজউক ইনট্রা ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৬’। ১৭টি প্রতিযোগিতামূলক ইভেন্ট, পুরস্কার বিতরণী, মানবিক উদ্যোগ ও কনসার্টের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এই উৎসব।

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
রাজউক উত্তরা মডেল কলেজে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘রাজউক ইনট্রা ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৬’। কলেজের ভাষা ও আবৃত্তি ক্লাবের উদ্যোগে গত ১২ ও ১৩ নভেম্বর আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
বৃহস্পতিবার সকাল ৮টায় কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ ভাষা ও আবৃত্তি ক্লাবের ভাইস চেয়ারপার্সন সুদীপা বড়ুয়া, ক্লাবের ওআইসি শাহ আলম এবং প্রেসিডেন্ট রাহুল কামাল অরণ্য।
উৎসবে মোট ১৭টি ব্যতিক্রমধর্মী ইভেন্টের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শর্ট ফিল্ম, প্রোডাক্ট ফটোগ্রাফি, বুক কাভার ইলাস্ট্রেশন, ট্রেজার হান্ট, ওয়াল ম্যাগাজিন, বাংলা ও ইংরেজি অলিম্পিয়াড, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ওয়ার্ড অ্যানাটমি, কসপ্লে, ক্রসওয়ার্ড, স্পেলিং বি এবং প্রিয়জনকে চিঠি লেখার মতো প্রতিযোগিতা। এসব আয়োজনে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগীদের পাশাপাশি দর্শনার্থীদের উপস্থিতিতেও উৎসবের পরিবেশ ছিল প্রাণবন্ত।
উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৮টা থেকে অবশিষ্ট ইভেন্টগুলোর কার্যক্রম শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা।
প্রতিযোগিতামূলক আয়োজনের পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে কলেজের ভাষা ও আবৃত্তি ক্লাব। সংগঠনটির পক্ষ থেকে একজন অসচ্ছল রিকশাচালককে একটি রিকশা এবং একজন অসহায় নারীকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। এই উদ্যোগ উৎসবের আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়।
দ্বিতীয় দিন দুপুরের পর আয়োজিত মনোজ্ঞ কনসার্টের মধ্য দিয়ে পর্দা নামে ‘রাজউক ইনট্রা ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৬’-এর। শিক্ষার্থীদের সৃজনশীলতা, ভাষাচর্চা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরির পাশাপাশি মানবিক কার্যক্রমের জন্যও আয়োজনটি বিশেষ গুরুত্ব পায়।











