চলতি অর্থবছরের শুরুতেই কৃষিঋণ বিতরণ ও আদায়ে গতি বেড়েছে। জুলাইয়ে ২,৬৫৮ কোটি টাকা ঋণ বিতরণ এবং ৩,৫২১ কোটি টাকা আদায় করেছে ব্যাংকগুলো।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিশেষ প্রতিবেদক : নতুন ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই কৃষি ও পল্লিঋণ খাতে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে কৃষিঋণ বিতরণ ও আদায়—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
চলতি অর্থবছরের জুলাই মাসে ব্যাংকগুলো কৃষি ও পল্লিখাতে মোট ২ হাজার ৬৫৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। যা আগের অর্থবছরের একই মাসের ২ হাজার ১৫৪ কোটি টাকার তুলনায় ২৩ দশমিক ৪১ শতাংশ বেশি। মোট বিতরণকৃত কৃষিঋণের ৪১ দশমিক ৮১ শতাংশ দিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো।
খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঋণ বিতরণ হয়েছে শস্য উৎপাদনে। এ খাতে দেওয়া হয়েছে ১ হাজার ৭৫ দশমিক ৮৯ কোটি টাকা, যা মোট বিতরণের ৪০ দশমিক ৪৭ শতাংশ। প্রাণিসম্পদ ও হাঁস-মুরগি খাতে বিতরণ হয়েছে ৯২৭ দশমিক ৬৯ কোটি টাকা বা ৩৪ দশমিক ৯০ শতাংশ। মৎস্য খাতে দেওয়া হয়েছে ৩৮৪ দশমিক ৪৩ কোটি টাকা, যা মোট কৃষিঋণের ১৪ দশমিক ৪৬ শতাংশ। বাকি অর্থ দারিদ্র্য বিমোচন, সেচ সরঞ্জামসহ অন্যান্য খাতে বিতরণ করা হয়েছে।
ঋণ বিতরণের পাশাপাশি জুলাইয়ে কৃষিঋণ আদায়েও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে ব্যাংকগুলো মোট ৩ হাজার ৫২১ কোটি টাকা কৃষিঋণ আদায় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ২১ শতাংশ বেশি।
কৃষিঋণ খাতের আরেকটি ইতিবাচক দিক হলো, ঋণ আদায় বাড়ার পাশাপাশি খেলাপি ও বকেয়া ঋণের পরিমাণ কমেছে। এক বছরের ব্যবধানে কৃষিখাতে খেলাপি ঋণ ১ হাজার ৬৭ দশমিক ৪০ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৬ দশমিক ৫০ কোটি টাকায়। অর্থাৎ এ খাতে খেলাপি ঋণ কমেছে ৫ দশমিক ৩৭ শতাংশ।
একই সময়ে বকেয়া কৃষিঋণ কমেছে ১ হাজার ৪৩৮ দশমিক ৮৮ কোটি টাকা। বর্তমানে এ খাতে মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৩৬৭ দশমিক ৭৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ কম।
কৃষকের উৎপাদন ব্যয় কমানো, গ্রামীণ অর্থনীতিতে গতি ধরে রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।
নতুন নীতিমালার আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট ঋণের ন্যূনতম ৪ শতাংশ কৃষিখাতে বিতরণ করতে হবে। আগে এ হার ছিল ২ দশমিক ৫ শতাংশ।
গত অর্থবছরেও কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছিল ব্যাংকগুলো। ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ওই অর্থবছরে মোট ৪২ হাজার ৮৩৪ দশমিক ১৬ কোটি টাকা কৃষি ও পল্লিঋণ বিতরণ করা হয়।
বিশ্লেষকদের মতে, নতুন অর্থবছরের শুরুতেই কৃষিঋণ বিতরণ ও আদায়ে প্রবৃদ্ধি এবং খেলাপি ও বকেয়া ঋণ কমার প্রবণতা খাদ্যনিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। তবে কৃষিখাতে এখনো উল্লেখযোগ্য পরিমাণ বকেয়া ও খেলাপি ঋণ থাকায় ঋণ বিতরণের পাশাপাশি নিয়মিত ও কার্যকর ঋণ আদায়ের ওপর কঠোর নজরদারি বজায় রাখার প্রয়োজন রয়েছে।
কেএইচ











