১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমণ শুরু, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা, ভ্রমণ চলবে ১৫ মার্চ পর্যন্ত

News

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন


মো: সাইফুল ইসলাম (সাইফ)

মো: সাইফুল ইসলাম (সাইফ), সাব এডিটর

প্রকাশ:

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটকেরা যাতায়াত করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন। এ জন্য প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। এ ছাড়া কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের জন্য পরিবেশ অধিদপ্তরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ২২ অক্টোবর পরিবেশ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।

ওই প্রজ্ঞাপনে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল।

পরিবেশ সংরক্ষণে পর্যটন নিয়ন্ত্রণ

পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় অন্তর্বর্তী সরকারের সময়ে পর্যটকদের যাতায়াত ও দ্বীপে অবস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। গত বছরের ১ নভেম্বর থেকে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলেও জাহাজ চলাচল বন্ধ থাকায় ওই মাসে পর্যটকেরা সেখানে যেতে পারেননি। নভেম্বরে দ্বীপে রাত্রিযাপনের অনুমতিও ছিল না। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছিল। সে সময় প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ ও সেখানে রাত্রিযাপন করতে পারতেন।

নিরাপত্তা পরিস্থিতিতে বন্ধ টেকনাফ রুট

চার বছর আগেও টেকনাফ থেকে প্রতিদিন ৯ থেকে ১১টি জাহাজে পাঁচ থেকে ছয় হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতেন। টেকনাফ থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের জলপথ পাড়ি দিয়ে তাঁরা দ্বীপটিতে পৌঁছাতেন।

তবে মিয়ানমারের রাখাইন রাজ্যের যুদ্ধ পরিস্থিতি এবং ওই অঞ্চলে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। নাফ নদীতে চলাচলকারী বাংলাদেশি ট্রলার ও যাত্রীবাহী নৌযানে গুলিবর্ষণ এবং নৌকাসহ বাংলাদেশিদের অপহরণের মতো ঘটনার পর টেকনাফ–সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নিরাপদ পর্যটন নিশ্চিত করার বিষয়টিও সেন্ট মার্টিনে যাতায়াত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ