ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করার স্মৃতি নিয়ে মজার ছলে ‘দুঃখিত’ বলেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ব্রাজিলকে হারানোর সেই ঐতিহাসিক ম্যাচের স্মৃতি এখনো আরলিং হালান্ডের মনে সতেজ। বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করার ম্যাচে জোড়া গোল করে নরওয়ের জয়ে বড় অবদান রাখা এই তারকা স্ট্রাইকার এবার সেই জয় নিয়ে মজার ছলে দুঃখ প্রকাশ করেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রির বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোল করার পর ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড ফিরে যান সেই স্মরণীয় ম্যাচের কথায়।
নরওয়ের জন্য ব্রাজিলের বিপক্ষে ম্যাচটির বিশেষত্ব তুলে ধরে হালান্ড বলেন, নরওয়ে সবশেষ যখন বিশ্বকাপে খেলেছিল, তখনও তাদের প্রতিপক্ষ ছিল ব্রাজিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্রাজিলের বিপক্ষে নরওয়ের একটি বিশেষ রেকর্ডও রয়েছে—বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের কাছে কখনো হারেনি তারা।
সেই ম্যাচের স্মৃতি নিয়ে হালান্ড বলেন, ব্রাজিলের মতো ফুটবলপাগল দেশের বিপক্ষে খেলাই বিশেষ কিছু। নরওয়ের সেই জয়কে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবেও উল্লেখ করেন তিনি।
এরপর ব্রাজিলকে হারানোর প্রসঙ্গ উঠতেই রসিকতার সুরে হালান্ড বলেন, ‘আরেকবার বলছি, দুঃখিত। হারের জন্য দুঃখিত, তবে এটাই ফুটবল।’
ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতির পাশাপাশি সাক্ষাৎকারে আলোচনায় আসে হালান্ডের নতুন চেহারাও। মৌসুমের শুরু থেকেই লম্বা চুলের বদলে ছোট চুলে দেখা যাচ্ছে ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান তারকাকে।
নিজের নতুন লুক নিয়েও কথা বলেছেন হালান্ড। তিনি জানান, পরিবর্তনের প্রয়োজন অনুভব করেই চুল ছোট করেছেন। নতুন এই লুক তাঁর ভালোই লাগছে, যদিও লম্বা চুলের কথা মনে পড়ে বলে স্বীকার করেন তিনি।
হালান্ড বলেন, আবারও চুল বড় করবেন তিনি। ভবিষ্যতে সেটি আবার লম্বা হবে বলেও আশা প্রকাশ করেন এই তারকা স্ট্রাইকার।
পিপল/এএইচ











