বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, অভিযুক্ত অনন্যা সক্স অ্যান্ড ইনার্স

জুলকারনাইন সায়ের তার পোস্টে বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত ভাবে বিপুল পরিমাণ ফ্যাব্রিকস (কাপড়) আমদানি করে তা রপ্তানি না করে খোলা বাজারে বিক্রির মাধ্যমে শত শত

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত ভাবে বিপুল পরিমাণ ফ্যাব্রিকস (কাপড়) আমদানি করে তা রপ্তানি না করে খোলা বাজারে বিক্রির মাধ্যমে শত শত কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে 'অনন্যা সক্স অ্যান্ড ইনার্স লিমিটেড'-এর বিরুদ্ধে।

শুধু তাই নয়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানাটি পরিদর্শনে গেলে নাটকীয়ভাবে শ্রমিকদের লেলিয়ে দিয়ে কৃত্রিম বিক্ষোভের নাটক সাজিয়ে পরিদর্শনে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি রাজধানীর ৪৫/২, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: মুরাদ হোসাইন সোহাগ, যিনি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর জার্মানির বাজার উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং একই সাথে আকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

কাস্টমস বন্ড কমিশনারেটের বিভিন্ন নথি পর্যালোচনা করে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, অনন্যা সক্স অ্যান্ড ইনার্স লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৩ হাজার ৬৭০ মেট্রিক টন পণ্য বন্ড সুবিধায় কোনো প্রকার শুল্ক-কর পরিশোধ ছাড়াই আমদানি করেছে। নিয়মানুযায়ী এই কাঁচামাল দিয়ে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করার বাধ্যবাধকতা থাকলেও, প্রতিষ্ঠানটি এ পর্যন্ত মাত্র ৭৮৬ মেট্রিক টন পণ্য রপ্তানি করেছে। বাকি বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য প্রতিষ্ঠানের নিজস্ব বন্ডেড ওয়্যারহাউসে (গোডাউন) সংরক্ষিত থাকার কথা। কিন্তু তাদের বন্ডেড ওয়্যারহাউসে বর্তমানে কোনো পণ্যই নেই (ছবি সংযুক্ত), যা নিয়ম বহির্ভূতভাবে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।

এই অনিয়মের সত্যতা যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল একাধিকবার তেজগাঁওয়ের ওয়্যারহাউসে উপস্থিত হয়।

তবে প্রতিবারই গোডাউনের প্রকৃত চিত্র আড়াল করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সাধারণ শ্রমিকদের উস্কে দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি ও বিক্ষোভের নাটক তৈরি করে, কখনো মিথ্যা লে-অফের নোটিশ প্রকাশ করে বিভ্রান্ত করা হয় — ফলে সরকারি কর্মকর্তারা গোডাউনটির ফিজিক্যাল ইনভেন্টরি যাচাই ও সরেজমিনে পরিদর্শন করতে সক্ষম হননি।

সংশ্লিষ্ট বন্ড কার্যালয় থেকে জানা গেছে, এই প্রতিষ্ঠানের বন্ড কেলেঙ্কারির ঘটনা এটাই প্রথম নয়। ইতোপূর্বেও অনন্যা সক্স অ্যান্ড ইনার্স লিমিটেডের বিরুদ্ধে যথাক্রমে ৩০ কোটি টাকা এবং ৮ দশমিক ৬৪ কোটি টাকার দুটি বড় শুল্ক-কর ফাঁকির মামলা কাস্টমস বন্ড কমিশনারেটে দায়ের করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে। পূর্বের মামলার সুরাহা না হতেই পুনরায় একই ধরণের বিশাল রাজস্ব ফাঁকির ঘটনা ঘটালো প্রতিষ্ঠানটি, যার মূল কারিগর হলেন এর ব্যবস্থাপনা পরিচালক মো: মুরাদ হোসাইন সোহাগ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বন্ড সুবিধার এমন অপব্যবহার দেশের সৎ ব্যবসায়ী এবং সামগ্রিক পোশাক শিল্পের ভাবমূর্তিকে চরম সংকটে ফেলছে। এই বিশাল পরিমাণ রাজস্ব ফাঁকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স বাতিল, ব্যাংক হিসাব জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

এ ঘটনার প্রমাণ হিসেবে বিভিন্ন নথি পোস্টে সংযুক্ত করা হয়েছে।

পিপল/এনটি


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ