বিয়ের পর সংসারের দায়িত্ব, হিসাব আর নিয়মের মধ্যে অনেক পুরুষই নিজের মতো সময় পান না। তাই স্ত্রী কয়েক দিনের জন্য বাবার বাড়ি গেলে অনেক স্বামী হঠাৎ করেই যেন পুরনো...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিয়ের পর সংসারের দায়িত্ব, হিসাব আর নিয়মের মধ্যে অনেক পুরুষই নিজের মতো সময় পান না। তাই স্ত্রী কয়েক দিনের জন্য বাবার বাড়ি গেলে অনেক স্বামী হঠাৎ করেই যেন পুরনো স্বাধীন জীবনের স্বাদ পান। রাত জেগে খেলা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা নিজের মতো সময় কাটানো তখন বেশ উপভোগ করেন তারা। আসলে বিষয়টা অনেকটাই মানুষের ব্যক্তিগত স্পেস, অভ্যাস আর মানসিক চাপের সঙ্গে জড়িত। আর তাই স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা হঠাৎ করেই খুশি খুশি মুডে চলে যান।
স্বাধীনতা
সংসারে একজন মানুষ যতই প্রিয় হোক, প্রতিদিন একই রুটিনের মধ্যে থাকতে থাকতে অনেকেরই ব্যক্তিগত সময়ের অভাব হয়। স্ত্রী বাড়িতে থাকলে কখন খাবে, কখন ফিরবে, কী আনতে হবে এসব ছোট ছোট দায়িত্ব স্বাভাবিকভাবেই চলে আসে। স্ত্রী কয়েক দিনের জন্য বাবার বাড়ি গেলে হঠাৎ করেই স্বামী যেন নিজের পুরনো ব্যাচেলর জীবনের একটু স্বাদ পেয়ে যান। রাত জেগে খেলা দেখা, বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া এসব ছোট স্বাধীনতা তখন বেশ উপভোগ্য মনে হয়।
অনেক সংসারেই স্ত্রীরা স্বামীর খাওয়া-দাওয়া, স্বাস্থ্য বা খরচ নিয়ে একটু কড়া নজর রাখেন। ‘এত রাত জাগো কেন?’,‘আবার বাইরের খাবার?’,‘তোয়ালেটা জায়গা মতো রাখো!’ এসব কথা প্রতিদিন শুনতে শুনতে অনেক স্বামী বিরক্ত হলেও, স্ত্রী না থাকলে কয়েকদিন পরই সেই বকুনিগুলো অদ্ভুতভাবে মিস করতে শুরু করেন। তবে প্রথম দু-একদিন আজ কেউ বকবে না—এই অনুভূতিটা বেশ উপভোগ করেন তারা।
বন্ধুদের সঙ্গে আড্ডা
স্ত্রী বাসায় থাকলে অনেকেই বন্ধুদের সময় কম দিতে পারেন। কিন্তু স্ত্রী বাবার বাড়ি গেলেই যেন বন্ধুমহলে ঘোষণা চলে যায় ‘দোস্ত, আজ রাত ফ্রি!’, তখন চা খাওয়া, আড্ডা দেওয়া, গেম খেলা সবকিছুতেই বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। যেন কিছুদিনের জন্য দায়িত্বের চাপ একটু হালকা হয়ে গেছে।
কিন্তু এই খুশি বেশিদিন থাকে না
মজার ব্যাপার হলো, প্রথম দিকে যে স্বামী স্বাধীনতায় আনন্দ পান, তিনিই কয়েকদিন পর বুঝতে পারেন বাসাটা কেমন নিঃশব্দ হয়ে গেছে, খাবার টেবিলে কেউ ডাকছে না, রুমটা অদ্ভুত এলোমেলো, রাতে গল্প করার মানুষ নেই, মোবাইলে খেয়েছো বলে কোনো মেসেজও আসে না। তখন হঠাৎ করেই স্ত্রীর ছোট ছোট বিরক্তিকর অভ্যাসগুলোও প্রিয় মনে হতে শুরু করে।
কয়েক দিন পরই বদলে যায় অনুভূতি
শুরুর আনন্দ বেশিদিন থাকে না। কয়েক দিন যেতে না যেতেই ফাঁকা বাসা, নিঃশব্দ ঘর আর একা খাওয়ার কষ্ট টের পেতে শুরু করেন অনেক স্বামী। তখন স্ত্রীর ছোট ছোট অভ্যাস, বকাঝকা কিংবা খোঁজ নেওয়ার বিষয়গুলোও মিস করতে থাকেন তারা।
এ ব্যাপারে মন্ডল বলেন, ‘বউ বাসায় না থাকলে নিজেকে মুক্ত মনে হয়। সারারাত বন্ধুদের নিয়ে আড্ডা দেই আর বাইরে বাইরে ঘুরতে পারি। তবে আমার সেই সৌভাগ্য হয় না, কারন আমার স্ত্রী আমাকে একা রেখে তারা বাবার বাড়ি যায় না।’
কেএইচ আর রাব্বী বলেন, ‘দীর্ঘদিন একসঙ্গে সংসার করছি, আর কত? বউকে কতদিন ধরে বলছি- একটু বাবার বাড়ি যাও, যায় না। সে বলে- আমি বাবার বাড়ি গেলে, তোমার আড্ডা দেয়া জমবে, সেটা হবে না। আমি একা একা বাচ্চা সামলাবো আর তুমি আড্ডা মারবা, তা হবে না।’
স্ত্রী আপনাকে সন্দেহ করে কিনা এমন প্রশ্নের জবাবে রাব্বী বলেন, ‘সেটাও একেবারে ফেলে দেওয়ার মতো না। মাঝেমাঝে আমি নিজের মতো সময় কাটানোর জন্য একটু কুয়াকাটা যাই, তখন আমার স্ত্রী আমাকে সন্দেহ করে। হাজারটা প্রশ্ন করে। আমার মনে হয়, দেশের প্রায় সব স্ত্রীই তার স্বামীকে সন্দেহ করে। আমিও সে তালিকায় আছি।’
আরিফ বলেন, ‘বিয়ের অনেক বছর হয়ে গেলে সংসারটা কারাগার মনে হয়। তাই মাঝে মাঝে বউ বাবার বাড়ি গেলে নিজেকে স্বাধীন মনে হয়। নিজেকে সিঙ্গেল ভেবে একটু শান্তিও লাগে।’
সাব্বির বলেন, বউ বাবার বাড়ি গেলে নিজের মতো করে থাকা যায়। ভেজা তোয়ালে রাখা নিয়ে কেউ বকাঝকা করে না, বাজার আনা নিয়ে কেউ খবরদারি করে না। তবে ঘরে ফিরে ফাঁকা ফাঁকা লাগে। বহুদিনের অভ্যাস তো একসঙ্গে থেকে, তাই স্ত্রীর না থাকার শূন্যতা টের পাই আমি।’
মনোবিজ্ঞানীরা বলছেন, এটা ভালোবাসা কমে যাওয়ার লক্ষণ নয়। বরং দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে মানুষ মাঝে মধ্যে নিজের মতো কিছু সময় চায়। আবার সেই দূরত্বই বুঝিয়ে দেয়, জীবনে একজন মানুষ কতটা গুরুত্বপূর্ণ।
পিপল/এনটি











