বড় যুদ্ধের শঙ্কা নাকি অন্য বিপদ—ইউরোপের লোকজন কেন ঘরে, বাংকারে খাবার মজুত করছেন

জরুরি পরিস্থিতিতে অন্তত তিন দিন নিজেদের প্রয়োজন নিজেরাই মেটানোর প্রস্তুতি নিতে বলছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ক্ষেত্রে যুদ্ধের আশঙ্কা ছাড়াও সাইবার হামলা, বিদ্যুৎ-বিভ্রাট, নাশকতা, প্রাকৃতিক দুর্যোগ—নানা ধরনের ঝুঁকি বিবেচনায় নেওয়া হচ্ছে।

News

সংগৃহীত ছবি


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

হঠাৎ বিদ্যুৎ চলে গেল। বন্ধ হয়ে গেল মোবাইল নেটওয়ার্ক। ব্যাংকের কার্ডে লেনদেন করা যাচ্ছে না। সুপার মার্কেটের তাক থেকে উধাও খাবার ও পানির বোতল। এমন পরিস্থিতিতে কীভাবে চলবে একটি পরিবার? ইউরোপের দেশগুলো এখন নাগরিকদের এমন এক পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে বলছে।

পরামর্শ দেওয়া হচ্ছে, ঘরে অন্তত তিন দিনের খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ ও কিছু জরুরি সামগ্রী মজুত রাখতে। কোনো কোনো দেশে প্রস্তুতির সময়সীমা আরও বেশি—এক সপ্তাহ, এমনকি ১০ দিন।

পরামর্শ মেনে সম্প্রতি ইউরোপের সুপারমার্কেটগুলোয় সাধারণ মানুষের কেনাকাটার ধরনেও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এখন ক্রেতাদের ঝুড়িতে জায়গা করে নিচ্ছে টিনজাত মাংস, শুকনা ফল, বোতলজাত পানি, টর্চলাইট, মোমবাতি ও ব্যাটারিচালিত রেডিও।

প্রস্তুতি দেখে মনে হচ্ছে, একসময় যে বিষয়কে শুধু ‘ডুমসডে প্রেপার’ বা মহাপ্রলয়ের আশঙ্কায় ভোগা কিছু মানুষের অদ্ভুত খেয়াল বলে মনে করা হতো, সেটিই এখন ইউরোপের মূলধারার সরকারি নীতিতে পরিণত হয়েছে।

ঘটনার সূত্রপাত

ব্রাসেলসে ৩ নভেম্বর অনুষ্ঠিত নবম ‘ইউরোপীয় সিভিল প্রটেকশন ফোরাম’-এ ইউরোপীয় কমিশনের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার হাদজা লাহবিব নাগরিকদের জন্য এক নতুন সংকট-প্রস্তুতি নির্দেশিকা উপস্থাপন করেন।

নির্দেশিকায় ইউরোপের প্রতিটি পরিবারকে জরুরি রসদ, প্রয়োজনীয় ওষুধ, নগদ অর্থ এবং একটি পারিবারিক জরুরি পরিকল্পনা তৈরি রাখার আহ্বান জানানো হয়।

ইউরোপীয় কমিশনের মতে, যেকোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ-বিভ্রাট, বড় কোনো সাইবার হামলা বা সশস্ত্র সংঘাত শুরু হলে প্রথম ৭২ ঘণ্টা সবচেয়ে সংকটপূর্ণ হয়ে ওঠে। কারণ, এমন পরিস্থিতিতে উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সবার আগে জীবন-মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তায় নামতে হয়। ফলে তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারের দরজায় সরকারি সহায়তা পৌঁছানো সম্ভব হয় না।

ইউরোপীয় কমিশনের এ ঘোষণার ঠিক আগে, গত ২২ অক্টোবর যুক্তরাজ্য সরকার ‘বি রেডি’ নামে একটি দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করে। এর আওতায় ব্রিটিশ সরকার নাগরিকদের জনপ্রতি অন্তত ৯ লিটার বোতলজাত পানি (দিনে ৩ লিটার হিসেবে তিন দিনের জন্য) এবং তিন দিনের পচনশীল নয়, এমন শুকনা বা টিনজাত খাবার মজুত রাখার সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে।

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় টিনজাত মাংস, শাকসবজি, ফলমূল, ওটস, বাদাম, বিস্কুট, শিশুদের গুঁড়া দুধ এবং পোষা প্রাণীর খাবারও রাখতে বলা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ চলে গেলে যোগাযোগ রক্ষায় ব্যাটারিচালিত বা হাত দিয়ে ঘুরিয়ে চার্জ দেওয়া যায়, এমন টর্চ ও রেডিও, অতিরিক্ত ব্যাটারি, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের ফটোকপি একটি পানিরোধী ব্যাগে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

যুদ্ধ, সাইবার হামলা কিংবা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সরকারের এমন উদ্যোগকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম নাগরিকদের উদ্দেশে বলেন, এ পরামর্শের মূল উদ্দেশ্য, মানুষকে ভয় দেখানো নয়; বরং যেকোনো অপ্রত্যাশিত বিপদের জন্য মানসিক ও বাস্তব প্রস্তুতি নেওয়া।

বার্নহ্যামের মতে, আধুনিক জীবনের চরম নির্ভরশীলতা, বিশেষ করে বিদ্যুৎ, ইন্টারনেট এবং ডিজিটাল লেনদেনের ওপর নির্ভরতা—এর যেকোনো বিপর্যয় মানুষকে মুহূর্তেই অসহায় করে তুলতে পারে। তাই ঘরে সামান্য কিছু শুকনা খাবার ও পানি মজুত থাকলে সংকটের প্রথম কয়েক দিন পরিবারগুলো নিরাপদে ও শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ