ইউক্রেন যুদ্ধের অবসান হলে ইরানকে ঘিরে চলমান সংঘাত থামানোর নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ইউক্রেন ও ইরানকে ঘিরে চলমান দুটি সংঘাত আলাদাভাবে শুরু হলেও সাম্প্রতিক সময়ে এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও প্রভাবের বিষয়টি সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের অবসান হলে ইরানকে ঘিরে চলমান সংঘাত থামানোর ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে।
ইউক্রেন যুদ্ধ চার বছরেরও বেশি সময় ধরে চললেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতেও উদ্বেগ তৈরি হয়েছে।
দুই যুদ্ধের মধ্যে যোগসূত্র
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠক এবং ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি দুই সংঘাতের সম্ভাব্য যোগসূত্রকে আরও আলোচনায় এনেছে।
এ ছাড়া রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকা অবস্থায় ইরানও তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মস্কোর সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে।
বিশ্লেষকদের আশঙ্কা, ইউক্রেন ও ইরানের সংঘাত যদি আরও ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, তাহলে তা বৃহত্তর আন্তর্জাতিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। তবে এখনো দুটি যুদ্ধ সরাসরি একীভূত হয়নি এবং চীনও তাইওয়ানকে ঘিরে সামরিক পদক্ষেপ নেয়নি—যা কিছুটা স্বস্তির বিষয় হিসেবে দেখা হচ্ছে।
যুদ্ধ থেকে বের হতে চাইছে পক্ষগুলো
দীর্ঘদিনের যুদ্ধ রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশের ওপরই বড় ধরনের সামরিক ও অর্থনৈতিক চাপ তৈরি করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, জ্বালানি অবকাঠামোয় হামলা এবং দীর্ঘস্থায়ী সামরিক ব্যয়ের কারণে রাশিয়ার অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। একইভাবে ইউক্রেনের অবকাঠামো, অর্থনীতি ও জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ইরান সংঘাতেও যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান বড় ধরনের সামরিক, অর্থনৈতিক ও মানবিক চাপের মুখে পড়েছে। ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির পাল্টা হামলায় ইসরাইলের বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।
পুতিনের প্রস্তাবে ট্রাম্পের ভূমিকা
লেখাটিতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে সঙ্গে নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের পথে এগোতে পারে, তাহলে মস্কোও ইরানকে সংঘাত থেকে বেরিয়ে আসতে চাপ দিতে পারে।
যুক্তরাষ্ট্রও ইরান সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন।
তবে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে এখনো বড় কোনো অগ্রগতি হয়নি। ফলে রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র কতটা সফল হয় এবং এরপর ইরানকে যুদ্ধ বন্ধে কতটা প্রভাবিত করতে পারে—তার ওপর মধ্যপ্রাচ্যের সংঘাতের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করতে পারে।
পিপল/ এএইচ












