মস্কো ও আশপাশে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় নিহত ২, আহত ৬। আবাসিক ভবন ও তেল শোধনাগারসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। রুশ কর্মকর্তাদের দাবি, হামলায় আবাসিক ভবন, একটি ব্যক্তিগত বাড়ি, গুদাম এবং তেল শোধনাগারের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ রোববার টেলিগ্রামে জানান, সোফিনো এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। তার দাবি, মস্কো অঞ্চলে ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ভোরোবিয়ভ আরও জানান, ওরেখোভো-জুয়েভো জেলায় একটি ব্যক্তিগত বাড়িতে ড্রোন আঘাত হানার পর এক বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর একটি বুলেভার্ডের কাছে একটি ভবনে ড্রোন আঘাত হেনেছে। এ ছাড়া একটি তেল শোধনাগারের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, মস্কোমুখী ৪৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি হামলাটিকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেন।
হামলার কারণে মস্কোর শেরেমেতিয়েভো ও ভনুকোভো বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। রোববার সকালে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হলেও কিছু ফ্লাইটে বিলম্ব হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, শনিবার রুশ হামলায় ইউক্রেনের কিয়েভ ও সুমি অঞ্চলে আটজন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।
কিয়েভ অঞ্চলের ফাস্তিভ শহরে এক মা ও তার দুই শিশু নিহত হন। ভিশহোরোদে পৃথক হামলায় আহত আরেক শিশু পরে হাসপাতালে মারা যায়। সুমি অঞ্চলে একটি গাড়িতে রুশ ড্রোন আঘাত হানলে চারজন নিহত হন।
সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে হামলা আরও জোরদার করেছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামো, পরিবহন ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হচ্ছে।
এর মধ্যে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্য করে একটি নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করেছেন। ওই আইনে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। চীন ও ভারত রাশিয়ার জ্বালানির বড় ক্রেতাদের মধ্যে রয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে নিয়মিতভাবে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়ে আসছে।
কেএইচ











