বাব আল-মানদেবে হুতিদের দাপটে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে প্রশ্ন। সৌদি আরবের বহুপক্ষীয় নিরাপত্তা জোট গঠন ও আঞ্চলিক শক্তি পুনর্বিন্যাস...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি ঘিরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্রুত সামরিক অগ্রযাত্রা ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি এবং লোহিত সাগরের নিরাপত্তা বলয় নিয়ে নতুন সংশয় তৈরি করেছে। সাম্প্রতিক মার্কিন অবস্থান এবং ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এখন আর পুরো মধ্যপ্রাচ্যে একক সামরিক ছাতা প্রদান না করে কেবল নিজস্ব প্রত্যক্ষ স্বার্থসংশ্লিষ্ট এলাকায় মনোযোগ সীমিত করছে।
সৌদি রাজনৈতিক বিশ্লেষক সুলাইমান আল-আকিলির ১৭ সেপ্টেম্বরের এক নিবন্ধে প্রশ্ন তোলা হয়েছে—যুক্তরাষ্ট্র কি তবে বাব আল-মানদেবের নিরাপত্তা ঝুঁকি থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে? যা কি না ১৯৭০-এর দশক থেকে চলে আসা ঐতিহাসিক ‘নিরাপত্তার বিনিময়ে তেল’ সমীকরণের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত।
সাম্প্রতিক মাঠপর্যায়ের প্রতিবেদনে জানা গেছে, হুতি বাহিনী লোহিত সাগরের উপকূলে কৌশলগত বন্দরনগরী মোখা দখলের পর ধুবাব এবং মায়ুন (পেরিম) দ্বীপের দিকে নিয়ন্ত্রণ বাড়িয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত মায়ুন দ্বীপটি নিয়ন্ত্রণ করার মাধ্যমে হুতিরা কার্যকরভাবে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি পরিবহনের রুটে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে ইরান সংঘাতকে কেন্দ্র করে মার্কিন সামরিক মনোযোগ ও সক্ষমতার বড় অংশ হরমুজ প্রণালিতে ব্যস্ত রয়েছে। ফলে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সরাসরি আরেকটি নতুন সামরিক ফ্রন্ট খুলতে অনাগ্রহী ওয়াশিংটন। অন্যদিকে, এই সংকটের সবচেয়ে বড় চাপে পড়েছে সৌদি আরব। আইইএ-এর তথ্য মতে, হুতি ও মিলিশিয়াদের হামলায় আগস্টে সৌদির অপরিশোধিত তেল সরবরাহ তিন দশকের মধ্যে সর্বনিম্ন দৈনিক ৬০ লাখ ব্যারেলে নেমে এসেছে।
তবে যুক্তরাষ্ট্র পুরোপুরি রিয়াদকে ত্যাগ করেনি। গত ১৪ সেপ্টেম্বর মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। মার্কিন বাহিনী সরাসরি হামলায় না গিয়ে গোয়েন্দা তথ্য ও লক্ষ্য শনাক্তকরণে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্রের এই পরিবর্তিত নীতি অনুধাবন করে সৌদি আরব একক কোনো দেশের ওপর নির্ভর না করে বহুপক্ষীয় বিকল্প নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে তৎপর হয়েছে। সম্প্রতি রিয়াদে ৪৩টি দেশ ও ইইউ প্রতিনিধিদের নিয়ে সামুদ্রিক জোট গঠনের আলোচনার পাশাপাশি পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তারা। সার্বিক পরিস্থিতিতে মনে করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের একক মার্কিন প্রভাব বলয় ভেঙে এখন একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে
পিপল/এএইচ












