জাতিসংঘে ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ানের হুঙ্কার: 'যুক্তরাষ্ট্রের কাছে কখনো মাথা নত করবে না ইরান'...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি, নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে ইরান কখনো মাথা নত করবে না বলে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে চিরতরে ধ্বংস করে দেওয়ার হুমকির পরদিনই সাধারণ পরিষদের বিশ্বমঞ্চ থেকে এই পাল্টা প্রতিক্রিয়া জানান তিনি।
মার্কিন প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পেজেশকিয়ান বলেন, "নিষেধাজ্ঞা, অতিরিক্ত চাপ আর হুমকি বাড়িয়ে ইরানিদের দমানো যাবে না; এতে আমাদের জাতীয় প্রতিরোধ আরও শক্তিশালী হবে। আমরা কখনো মাথা নত করব না, কিংবা কারও সামনে হাঁটু গেড়ে বসে পড়ব না।" তবে একই সঙ্গে শান্তির স্বার্থে কূটনৈতিক আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
ভাষণ দেয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন। তিনি জাতিসংঘের পোডিয়ামে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ৮৬ বছর বয়সী ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ছবি প্রদর্শন করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক অভিযানের প্রথম প্রহরেই প্রাণ হারান খামেনি।
ছবিটি দেখানোর পর তিনি গত কয়েক মাসের হামলায় নিহত অসংখ্য ইরানি শিশু ও তাদের সারিবদ্ধ কবরের আলোকচিত্র অধিবেশন কক্ষে বিশ্বনেতাদের সামনে তুলে ধরে ট্রাম্প প্রশাসনের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার মধ্যবর্তী সময়ে হঠাৎ করেই ইরানের ওপর যৌথভাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তীতে দুটি মধ্যস্থতাকৃত যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে, যার মারাত্মক প্রভাব বিস্তৃত হয় ইয়েমেন থেকে শুরু করে লেবানন পর্যন্ত।
পিপল/এএইচ












