হরমুজ প্রণালিতে আটক মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছে ইরানের আইআরজিসি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
হরমুজ প্রণালির প্রবেশমুখে আটক করা মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলছে, ড্রোনটির প্রযুক্তি নিয়ে বিস্তারিত পরীক্ষা করা হবে।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এ তথ্য জানান। তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক প্রযুক্তির কিছু নমুনা ইরানের হাতে এসেছে।
মোহেবির ভাষ্য অনুযায়ী, আইআরজিসি নেভির হাতে থাকা মার্কিন ডুবো যানটির প্রযুক্তি পরীক্ষা করে এর সক্ষমতা সম্পর্কে ধারণা নেওয়া হবে। পরে পাওয়া তথ্য ইরানের নিজস্ব প্রযুক্তি উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এর আগে ৮ সেপ্টেম্বর ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন ডুবো যান আটক করেছে তাদের বাহিনী। ইরানি সূত্রগুলো যানটিকে ‘Dive-LD’ হিসেবে শনাক্ত করেছে।
তবে ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিন্ন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ডুবো যানটি উদ্ধারের এক দিনেরও বেশি সময় আগে ত্রুটির কারণে অকার্যকর হয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর সামরিক গুরুত্বও কম করে দেখানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উদ্ধৃত বিশ্লেষকদের মতে, ড্রোনটি পরীক্ষা করে ইরান কিছু প্রযুক্তিগত তথ্য পেতে পারে। তবে এটি থেকে বড় ধরনের সামরিক সুবিধা পাওয়ার সম্ভাবনা সীমিত বলে তারা মনে করেন।












