ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি জোটের বিমান হামলা; সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় জাতিসংঘ...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট। সোমবার (২১ সেপ্টেম্বর) হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল 'আল-মাসিরাহ'-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তাইজ প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'হাইফান' এলাকায় লক্ষ্যবস্তু বানিয়ে এই বিমান হামলা চালানো হয়। তবে এই নির্দিষ্ট হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি হুথি কর্তৃপক্ষ।
পশ্চিম ইয়েমেনে হুথি যোদ্ধারা দ্রুতগতিতে তাদের ভূখণ্ড বিস্তার ও অগ্রযাত্রা অব্যাহত রাখার মধ্যেই এই হামলাটি চালাল সৌদি জোট। হুথিদের দাবি অনুযায়ী, লোহিত সাগরের উপকূলবর্তী ইয়েমেনের একটি বিশাল অঞ্চল এখন তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক নৌপথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 'বাব আল-মান্দাব' প্রণালির সীমান্তবর্তী এলাকাগুলোর দিকেও এগিয়ে যাচ্ছে।
একদিকে ইয়েমেনি সরকারের সঙ্গে হুথিদের তীব্র সংঘাত এবং অন্যদিকে সৌদি জোটের ধারাবাহিক বিমান হামলায় চরম মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত চলা তীব্র সংঘাত ও গোলযোগের কারণে ইয়েমেনে অন্তত ১ লাখ ২৫ হাজার সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
পিপল/এএইচ












