মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করেছে সৌদি আরব। নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ড্রোনটি ভূপাতিত করে সৌদি আকাশ প্রতিরক্ষা।

Photo Collected

ANI News
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের হুতি গোষ্ঠীর একটি ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোনটি নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই শনাক্ত করে ধ্বংস করা হয়।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে। পরে সেটি ভূপাতিত করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে বলে জানান তিনি।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলেও উল্লেখ করেন আল-মালিকি।
তিনি বলেন, দুই পবিত্র মসজিদ এবং সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’। এ ধরনের হামলার চেষ্টা প্রতিহত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
এর একদিন আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তায়েফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।
দীর্ঘ সময় তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও দেশের কয়েকটি এলাকা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর, ২০১৫ সালে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।











