সিএনএনসহ জনপ্রিয় ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের। ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগে নেওয়া পদক্ষেপে নতুন করে বিতর্ক।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। নিজের প্রশাসন নিয়ে এসব সংবাদমাধ্যম ‘ভুয়া খবর’ প্রচার করছে—এমন অভিযোগ তুলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অবিলম্বে কার্যকরভাবে এসব সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে ‘ভুয়া খবর’ প্রচারকারী আরও সংবাদমাধ্যমের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে মার্কিন সরকার পলিটিকোর জন্য প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন কিনেছিল। তিনি ওই ব্যয়কে ‘দুর্নীতি’ হিসেবে আখ্যায়িত করেন।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাঁর প্রশাসন কিংবা দেশকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো সংবাদমাধ্যমের নিয়মিতভাবে মিথ্যা বা কল্পকাহিনিনির্ভর প্রতিবেদন প্রকাশ করা উচিত নয়।

পরে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একজন সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা থাকা সত্ত্বেও তিনি কীভাবে এই সিদ্ধান্তকে ন্যায্যতা দিচ্ছেন।

জবাবে ট্রাম্প আবারও ওই সংবাদমাধ্যমগুলোকে ‘ভুয়া খবর’ প্রচারের জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, মানুষ এ ধরনের সংবাদ দেখে ও পড়ে ক্লান্ত এবং দেশে ‘সৎ ও নিরপেক্ষ’ সাংবাদিকতা প্রয়োজন।

তবে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের সংবাদ পরিবেশনের মান উন্নত করলে তিনি তাদের আবারও হোয়াইট হাউসে দেখতে চান। তাঁর অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে রিপাবলিকান দল ও তাঁর প্রশাসনের নেতিবাচক চিত্র তুলে ধরে।

এদিকে ট্রাম্পের ঘোষণার পর সিএনএন তাদের হোয়াইট হাউস প্রতিবেদকদের পাশে থাকার কথা জানিয়েছে। এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়াই স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার অধিকার মার্কিন সংবিধান দ্বারা সুরক্ষিত।

সিএনএনের ভাষ্য অনুযায়ী, সংবাদ প্রকাশের কারণে হোয়াইট হাউস থেকে কোনো সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার পদক্ষেপ কার্যকর হলে তা সংবাদমাধ্যমের সাংবিধানিক অধিকারের ওপর আঘাত হিসেবে বিবেচিত হবে।

এদিকে এমএস নাও ও পলিটিকো ট্রাম্পের ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তাঁর প্রশাসন ও মার্কিন সংবাদমাধ্যমের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ