জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের মূল বিতর্ক শুরু আজ; প্রথম দিন ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বের সর্ববৃহৎ কূটনৈতিক মঞ্চ—জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের মূল বিতর্ক পর্ব আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বিশ্বব্যাপী নানা সংকট, অর্থনৈতিক অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আয়োজিত এই অধিবেশনে অংশ নিতে ইতোমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ শীর্ষ প্রতিনিধিরা নিউইয়র্কে সমবেত হয়েছেন।
এবারের সাধারণ বিতর্কের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—'Restoring trust, managing transformation: a United Nations that delivers for all' (আস্থা পুনরুদ্ধার ও পরিবর্তন পরিচালনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ)। নিয়ম অনুযায়ী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই উচ্চপর্যায়ের বিতর্ক চলবে।
অধিবেশনের প্রথম দিনেই সাধারণ পরিষদে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণ বিতর্ক শুরুর ঠিক আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে আলোচনায় নিউইয়র্ক শহরের অভ্যন্তরীণ আবাসন সংকট, আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পায়।
অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পায় বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি। বিশেষ করে ইরান সংঘাত, লোহিত সাগরে জাহাজ চলাচলে স্থবিরতা, মধ্যপ্রাচ্য সংকট এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে বৈঠকের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানান ফরাসি প্রেসিডেন্ট।
এছাড়া সাধারণ বিতর্ক শুরুর আগে 'মক্কা চুক্তি'-র আওতাভুক্ত তুরস্ক, মিসর এবং পাকিস্তানের প্রতিনিধি দল একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে মিলিত হয়। বহুপাক্ষিক এ বৈঠকে সুনির্দিষ্ট কোন কোন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পিপল/এএইচ












