গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক স্থাপনা গড়বে যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এর একটি হবে দ্বীপটির দক্ষিণাঞ্চলের নারসারসুয়াক এলাকায় শীতল যুদ্ধের সময়ের পুরোনো

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এর একটি হবে দ্বীপটির দক্ষিণাঞ্চলের নারসারসুয়াক এলাকায় শীতল যুদ্ধের সময়ের পুরোনো মার্কিন ঘাঁটির জায়গায়। অন্যটি হবে পূর্ব উপকূলের মেস্টারসভিগ এলাকায়, যেখানে বর্তমানে ডেনমার্কের বিশেষ বাহিনীর সিরিয়াস ডগ স্লেজ প্যাট্রল ইউনিটের সদস্যরা অবস্থান করেন।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানিয়েছেন, দক্ষিণ গ্রিনল্যান্ডের নারসারসুয়াকে ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্র বন্ধ করে দেওয়া ব্লুই ওয়েস্ট ওয়ান সামরিক ঘাঁটি পুনরায় চালু করা হতে পারে। মার্কিন ঘাঁটি বন্ধ হওয়ার পর ওই এলাকার জনসংখ্যা কমে কয়েক ডজনে নেমে এসেছে।

পূর্ব উপকূলের মেস্টারসভিগে বর্তমানে ডেনমার্কের বিশেষ বাহিনীর সিরিয়াস ডগ স্লেজ প্যাট্রল ব্যবহৃত একটি সামরিক চৌকি রয়েছে। সেখানেই যুক্তরাষ্ট্র নতুন সামরিক স্থাপনা গড়ে তুলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তিন দেশের মধ্যে হতে যাওয়া চুক্তির পূর্ণাঙ্গ খসড়া এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের আগে এর বিস্তারিত চূড়ান্ত হবে না। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সরকার রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।

হোয়াইট হাউসও চুক্তির বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তিটি গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষিত করতে সহায়তা করবে।

ডেনমার্ক জানিয়েছে, নতুন চুক্তির মাধ্যমে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্র বা ডেনমার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ন্যাটোও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে কয়েক মাসের টানাপোড়েনের মধ্যেই এ উদ্যোগ সামনে এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন। বিভিন্ন সময়ে তিনি অঞ্চলটি অধিগ্রহণে সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেননি।

তবে জনমত জরিপে গ্রিনল্যান্ডের বিপুলসংখ্যক বাসিন্দা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার ধারণার বিরোধিতা করেছেন। ট্রাম্পের বক্তব্যকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারিতে ন্যাটোর মধ্যেও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে।

শীতল যুদ্ধের সময় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক স্থাপনা এবং ১০ হাজারের বেশি সেনা ছিল। বর্তমানে দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের একমাত্র সক্রিয় সামরিক স্থাপনা হলো পিটুফিক স্পেস বেস। সেখানে প্রায় ১৫০ মার্কিন সামরিক সদস্য রয়েছেন।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ