এআই নিয়ে নতুন উপদেষ্টা ও 'এআই ফোর্স' গঠনের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের; চীনের সঙ্গে প্রতিযোগিতার মুখে কম নিয়ন্ত্রণের পক্ষে ট্রাম্প...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত বিকাশ এবং বিশ্বজুড়ে প্রযুক্তিগত প্রতিযোগিতা বজায় রাখতে একটি 'এআই ফোর্স' গঠন এবং এআই বিষয়ে নতুন একজন প্রধান উপদেষ্টা বা 'এআই জার' নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এই উচ্চবিলাসী পরিকল্পনার কথা প্রকাশ করেন। তবে এই নতুন উদ্যোগ বা 'এআই ফোর্স' ঠিক কীভাবে কাজ করবে কিংবা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো ফ্রেমওয়ার্ক প্রকাশ করেননি তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওয়াশিংটনের আইনপ্রণেতাদের মধ্যে এআই প্রযুক্তির নিরাপত্তা, মানুষ ও বৈশ্বিক সম্পদের ওপর এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি মাসের শুরুতে এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন সতর্ক করে বলেন, এই খাতের সঙ্গে যুক্ত অনেকেরই বিশ্বাস—চলতি দশকের শেষ নাগাদ এই প্রযুক্তি মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।
তবে প্রযুক্তি নিরাপত্তা নিয়ে এমন চরম উদ্বেগকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প। এআই খাতে কঠোর বা অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণের বিপক্ষে নিজের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, "আমরা কোনোভাবেই এই অবিশ্বাস্য শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত বা রুদ্ধ করব না।" তিনি জানান, মার্কিন সরকার এআই প্রযুক্তির অবাধ বিকাশকে সমর্থন, সহায়তা ও তদারকি করবে এবং কেবল ক্ষতিকর বা অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে বিদ্যমান দেওয়ানি ও ফৌজদারি আইন প্রয়োগ করা হবে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি হবে ট্রাম্প প্রশাসনের অধীনে এআই বিষয়ক দ্বিতীয় প্রধান উপদেষ্টা নিয়োগ। এর আগে এই দায়িত্বে থাকা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডেভিড স্যাকস বসন্তকালে পদত্যাগ করেন। নতুন নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে স্যাকসও ট্রাম্পের সুরেই বলেন, রাষ্ট্রীয় অতিরিক্ত আইনি কড়াকড়ির বদলে এআই নির্মাতাদেরই তাদের পণ্যের নিরাপত্তার দায় নিতে হবে।
উল্লেখ্য, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের নির্ধারিত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের মাত্র কয়েক দিন আগে এই ঘোষণাটি এলো। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির সামরিক ও অর্থনৈতিক নেতৃত্বে শীর্ষে থাকার প্রতিযোগিতায় রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন প্রযুক্তি খাতের নির্বাহী এবং ট্রাম্পের মতে, অতিরিক্ত সরকারি বিধিনিষেধ মার্কিন কোম্পানিগুলোর সক্ষমতা কমিয়ে চীনা প্রতিদ্বন্দ্বীদের এগিয়ে দিতে পারে। যদিও এআই নিরাপত্তা গবেষকরা প্রায়শই ট্রাম্পের এই যুক্তির বিরোধিতা করে আসছেন
পিপল/এএইচ












