ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

বোর্নিও ও সুমাত্রার দাবানল নিয়ন্ত্রণে বিমানের পাশাপাশি হাজারো কর্মী মোতায়েন করেছে ইন্দোনেশিয়া; প্রতিবেশী দেশে বিষাক্ত ধোঁয়ার প্রভাব...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দেশটির সরকার ব্যাপকভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করছে। ৬৪টি বিমান এবং অন্তত ৫৪ হাজার কর্মী মোতায়েন করা সত্ত্বেও পিট ভূমির জটিল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে চরম হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে চলা এই দাবানলের বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশায় ঢেকে গেছে ইন্দোনেশিয়ার বিশাল এলাকাসহ প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরের একাংশ।

ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদ সচিব টেডি ইন্দ্রা উইজায়া জানিয়েছেন, গত মাস থেকে আকাশ ও স্থলপথে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এবং বিষাক্ত ধোঁয়ার প্রভাব কমাতে সরকার সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করছে। তবে ভূমির বিশাল আয়তন এবং পিট মাটির গভীরে আগুন জ্বলতে থাকায় তা নিয়ন্ত্রণে বিশাল চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

পশ্চিম কালিমান্তান দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র ড্যানিয়েল সিনিয়র জানান, পিট মাটির বিভিন্ন গভীরে আগুন জ্বলতে থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানির উৎস শুকিয়ে যাওয়ায় গ্রাউন্ড ফোর্সের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে।

ইতোমধ্যে দাবানল মোকাবিলায় সহায়তার জন্য জাপানের আত্মরক্ষা বাহিনীর প্রায় ৩৫০ সদস্য পশ্চিম কালিমান্তানে পৌঁছেছেন। তাছাড়া প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো মালয়েশিয়ার সহায়তা গ্রহণে সম্মতি জানিয়েছেন।

এদিকে প্রতিবছর একই ধরনের দুর্যোগের পুনরাবৃত্তি ও নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে পশ্চিম কালিমান্তানের আদিবাসী ও নাগরিক সমাজের সংগঠনগুলো সরকারের বিরুদ্ধে যৌথ মামলা করেছে। আইনজীবীদের মতে, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং প্রতিবছরের পরিচিত পূর্বাভাস সত্ত্বেও পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, এল নিনোর ক্ষতিকর প্রভাব, দশকের পর দশক ধরে চলা বননিধন এবং অনিয়ন্ত্রিত জমি পরিষ্কারের চর্চায় এই আগুনের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বেসরকারি সংস্থা 'নুসান্তারা অ্যাটলাস'-এর তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত প্রায় ৮ লাখ ৯৬ হাজার হেক্টর এলাকা এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ