ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

ক্যারিবীয় সাগরে একটি মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ৪ জন নিহত; সাউদার্ন কমান্ডের অভিযানের তীব্র সমালোচনা মানবাধিকার সংস্থার...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ক্যারিবীয় সাগরে একটি নৌযানকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শনিবার পরিচালিত এই হামলায় চারজন নিহত হয়েছেন। হামলার পর মার্কিন সামরিক বাহিনীর ইউএস সাউদার্ন কমান্ড দাবি করেছে, ধ্বংসপ্রাপ্ত নৌযানটি সরাসরি আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল এবং সে বিষয়ে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় 'মাদক-সন্ত্রাসী' দমনের অংশ হিসেবে গত বছর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এই ধরনের ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। গত শনিবারের হামলাটি সেই সামরিক তৎপরতারই সর্বশেষ ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক বিবৃতিতে সাউদার্ন কমান্ড জানায়, উক্ত নৌযানে মাদক চোরাচালানের বিষয়ে নির্দিষ্ট তথ্য থাকার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সামরিক সুরক্ষার কারণ দেখিয়ে হামলার নির্দিষ্ট ধরণ কিংবা স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে প্রায় ১০ দিন পূর্বে একই অঞ্চলের অন্য একটি নৌযানে মার্কিন হামলায় আরও ৩ জন নিহত হয়েছিলেন।

ইউএস সাউদার্ন কমান্ডের দেওয়া তথ্যানুযায়ী, এই মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় চালানো বিভিন্ন হামলায় এ পর্যন্ত ২২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব মার্কিন সামরিক অভিযানের তীব্র বিরোধিতা ও উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাগুলোর মতে, কোনো প্রকার আইনি প্রক্রিয়া বা বিচার ব্যবস্থা ব্যতিরেকে উন্মুক্ত সাগরে এভাবে হামলা চালিয়ে মানুষকে হত্যা করা সুস্পষ্ট 'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড'।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ