শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ১ হাজার মানুষের উপস্থিতিসহ একাধিক শর্ত বিচারপতির...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
হুগলীর শ্রীরামপুর কোর্ট ময়দানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর 'কালীঘাট তৃণমূল'-কে এই দলীয় কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও আদালতের পক্ষ থেকে কয়েকটি কড়া শর্ত বেঁধে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই সংক্রান্ত আবেদনটির নিষ্পত্তি করে অনুমতি প্রদান করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য এই সভা আয়োজন করা যাবে। তবে সভায় এক হাজারের বেশি মানুষের জনসমাগম ঘটানো যাবে না। পাশাপাশি জিটি রোডে (Grand Trunk Road) কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং ওই গুরুত্বপূর্ণ সড়কে যাতে যান চলাচল কোনোভাবেই ব্যাহত না হয়, আয়োজকদের তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রের তথ্য অনুযায়ী, 'কালীঘাট তৃণমূল' প্রথমে দুই হাজার সমর্থকের উপস্থিতির অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাতে আপত্তি জানায়। রাজ্যের পক্ষে যুক্তি দেওয়া হয় যে, শ্রীরামপুর কোর্ট ময়দান চত্বরটি অত্যন্ত সংকীর্ণ। উপরন্তু, সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জ়েড প্লাস (Z-Plus) ক্যাটাগরির সর্বোচ্চ নিরাপত্তা পান, যার কারণে নিরাপত্তাজনিত কারণে সভাস্থলের অনেকটা জায়গা খালি রাখতে হয়। অত ক্ষুদ্র জায়গায় দুই হাজার মানুষের সমাগম হলে পদপিষ্ট হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।
তবে রাজ্যের এই আপত্তির জবাবে তৃণমূলের জ্যেষ্ঠ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে পাল্টা যুক্তি দিয়ে বলেন, "রাজ্যের এই নিরাপত্তা শঙ্কার দাবি ভিত্তিহীন। ইতিপূর্বে এই একই মাঠে প্রখ্যাত সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল, সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি।"
উভয় পক্ষের শুনানি শেষে আদালত সর্বোচ্চ ১ হাজার মানুষের উপস্থিতি এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখার শর্তে সভা আয়োজনের প্রশাসনিক অনুমতি মঞ্জুর করেন
পিপল/এএইচ












