দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ৫টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৪ জ...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ৫টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৪ জনের শরীরে এই রোগের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬৫টি শিশুর শরীরে হামের লক্ষণ দেখা গেছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯০২ জন শিশুকে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু এবং বাকি ৬৩১ জন মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, সংক্রমণ ও শনাক্তের দিক থেকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ১৮১ জন, বরিশালে ১০৩ জন, সিলেটে ৯২ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহী ও খুলনায় ৪১ জন করে এবং রংপুর বিভাগে ২০ জন শিশু নতুন করে আক্রান্ত হয়েছে।
সরকারি হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৮৬ হাজার ৪১১টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে ১২ হাজার ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের অস্তিত্ব পাওয়া গেছে। তবে আশার কথা হলো, এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৫৯টি শিশু।











