ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন ইতিহাস গড়লেন পরীমনি। সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের শীর্ষ সামাজিক মাধ্যম তারকা এখন তিনি।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী থাকা তারকার তালিকায় নতুন শীর্ষস্থান দখল করেছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন ধরে এ তালিকার শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে অনুসারীর সংখ্যায় পেছনে ফেলেছেন তিনি।
বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী রয়েছেন ১ কোটি ৬০ লাখেরও বেশি। এর ফলে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক জনপ্রিয়তায় এখন সবার ওপরে অবস্থান করছেন পরীমনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাফল্যের বিপরীতে তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারের চিত্র ভিন্ন। প্রায় ১২ বছরের অভিনয়জীবনে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করলেও সেগুলোর কোনোটিই বক্স অফিসে উল্লেখযোগ্য বাণিজ্যিক সাফল্য বা ব্লকবাস্টারের মর্যাদা পায়নি। বরং ব্যক্তিজীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন আলোচিত ঘটনার কারণেই তিনি বেশি সময় আলোচনার কেন্দ্রে ছিলেন।
চলচ্চিত্র–সংশ্লিষ্টদের মতে, পরীমনির জনপ্রিয়তার অন্যতম কারণ হলো অনুসারীদের সঙ্গে তাঁর নিয়মিত ও সরাসরি যোগাযোগ। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত, সন্তানদের বেড়ে ওঠা, ভ্রমণ, ফটোশুট, নতুন কাজের আপডেট এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট অভিজ্ঞতা নিয়মিত ভাগ করে নেওয়ার মাধ্যমে তিনি অনুসারীদের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছেন।
এর সাম্প্রতিক উদাহরণও মিলেছে তাঁর ফেসবুক পোস্টে। রোববার কন্যাসন্তানকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘সাজুনি বুড়ি দেখেন’। মাত্র ২২ ঘণ্টায় ভিডিওটিতে ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় দুই হাজার মন্তব্য এবং প্রায় ১৫ লাখ ভিউ হয়। এর আগের দিন প্রকাশ করা একটি সাধারণ ছবিতেও কয়েক ঘণ্টার মধ্যে ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে।
ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষে ওঠার প্রসঙ্গে সোমবার পরীমনি বলেন, তিনি সব সময় নিজের জীবনের ছোট ছোট বিষয়ও ভক্তদের সঙ্গে অকপটে ভাগ করে নিতে ভালোবাসেন। তাঁর ভাষায়, বাস্তব জীবনে তিনি যেমন, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেকে ঠিক তেমনভাবেই তুলে ধরার চেষ্টা করেন। মানুষের এই ভালোবাসাকে তিনি নিজের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন এবং ভবিষ্যতেও সেই আস্থা ধরে রাখতে চান।
ফেসবুকে পরীমনি ও সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যার প্রতিযোগিতা অবশ্য নতুন নয়। প্রায় তিন বছর আগে প্রথমবারের মতো তাঁদের অনুসারীর সংখ্যা কাছাকাছি চলে আসে। ২০২৩ সালের আগস্টে আবার এগিয়ে যান সাকিব। পরবর্তীতে দুজনই ১ কোটি ৬০ লাখ অনুসারীর মাইলফলক স্পর্শ করেন। সর্বশেষ পরিসংখ্যানে পরীমনি সেই ব্যবধান আরও বাড়িয়ে শীর্ষস্থান নিজের দখলে নিয়েছেন।
বিশ্লেষকদের মতে, বর্তমান ডিজিটাল যুগে জনপ্রিয়তার মানদণ্ড শুধু পেশাগত সাফল্যের ওপর নির্ভর করে না; সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং অনুসারীদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ততাও বড় ভূমিকা রাখে।
ক্রিকেট মাঠে সাকিব আল হাসানের অর্জন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে অনন্য হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি ও ব্যক্তিগত জীবনের নানা দিক অনুসারীদের সামনে তুলে ধরার ক্ষেত্রে পরীমনি ভিন্নধর্মী একটি কৌশল অনুসরণ করেছেন। সেই ধারাবাহিকতাই তাঁকে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারী থাকা তারকায় পরিণত করেছে।
কেএইচ











