শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

অ্যাকশন দৃশ্যে আহত রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শে ছয় সপ্তাহ বিশ্রামে থাকায় নতুন সিনেমার কাজেও আসছে বিরতি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন ডেস্ক: শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশে গুরুতর চোট পাওয়ায় চিকিৎসকরা তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে সাময়িকভাবে তার চলমান একাধিক সিনেমার শুটিং স্থগিত রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। দুটি সিনেমাতেই একাধিক অ্যাকশন ও নৃত্যদৃশ্য রয়েছে। এমনই একটি দৃশ্য ধারণের সময় ভারসাম্য হারিয়ে গুরুতর আহত হন অভিনেত্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল টিয়ার) সম্পূর্ণ ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। একজন অভিনেত্রীর এমন গুরুতর চোট চিকিৎসকদেরও বিস্মিত করেছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন বলে জানা গেছে।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা মান্দানা। বিয়ের পর ব্যক্তিগত জীবনের পাশাপাশি নতুন সিনেমার কাজেও ব্যস্ত হয়ে পড়েন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ককটেল ২’ ছবির পর একাধিক নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করেছিলেন এই অভিনেত্রী।

বিয়ের পর প্রথমবারের মতো বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘রাণাবলী’ সিনেমায় জুটি বেঁধেছেন রাশমিকা। এর আগে ‘অর্জুন রেড্ডি’, ‘ডিয়ার কমরেড’ এবং ‘গীত গোবিন্দম’ সিনেমায় এই জুটির রসায়ন দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

এদিকে, শুটিং সেটে এটি রাশমিকার প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। ওই সিনেমায় তার সহশিল্পী ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

রাশমিকার এই চোটে তার চলমান ও আসন্ন কয়েকটি সিনেমার শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে দ্রুত সুস্থ হয়ে তিনি কাজে ফিরবেন বলেই আশাবাদ প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠরা।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ