আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করল অস্ট্রেলিয়া

অভিবাসন কমাতে বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ভিসা হপিং ও ওয়ার্কিং হলিডে ভিসাতেও কড়াকড়ি...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

দেশটিতে ক্রমবর্ধমান আবাসন সংকট ও জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন ও কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া। নতুন সিদ্ধান্তের আওতায় বিদেশী শিক্ষার্থীদের সাথে পরিবার আনার সুযোগ বন্ধের পাশাপাশি ‘ভিসা হপিং’ এবং ব্যাকপ্যাকারদের ওপরও নতুন বিধিনিষেধ জারির ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই হালনাগাদ তথ্যের বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নতুন নিয়ম প্রকাশ করে জানান, দেশে নিট অভিবাসনের উচ্চহার কমিয়ে একটি মানসম্মত ও সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামোর মধ্যে আনতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অস্ট্রেলীয় সরকার ২০২৮ সালের মধ্যে বার্ষিক নিট অভিবাসী সংখ্যা কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ আন্তর্জাতিক শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসতে পারবেন না। তবে পিএইচডি গবেষক, ইতোমধ্যে দেশে অবস্থানরত শিক্ষার্থী এবং প্যাসিফিক ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চল থেকে আগত নির্দিষ্ট আবেদনকারীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

এছাড়া, উচ্চশিক্ষা বা গ্র্যাজুয়েশন শেষ করে সুবিধাজনক নিম্নমানের শর্ট কোর্সে ভর্তি হয়ে ভিসা দীর্ঘায়িত করার অপপ্রয়াস বা ‘ভিসা হপিং’ সম্পূর্ণরূপে বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কোনো শিক্ষার্থী মূল কোর্সের ধারাবাহিকতায় উচ্চতর ডিগ্রিতে ভর্তি হতে চাইলে সে সুযোগ বজায় থাকবে।

পাশাপাশি ওয়ার্কিং হলিডে ভিসায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যালট প্রথা। এর ফলে দ্বিতীয় বছরে অবস্থান করার সুযোগ পাওয়া আবেদনকারীর সংখ্যা সর্বোচ্চ ৪৫ হাজার এবং তৃতীয় বছরের জন্য তা ৫ হাজারে নির্দিষ্ট থাকবে। তবে মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে যুক্তরাজ্যের নাগরিকরা এই পরিবর্তনের বাইরে থাকবেন।

অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স (ABS)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিগত ১২ মাসে দেশের জনসংখ্যা ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ৭৯ লাখে পৌঁছেছে, যেখানে নিট অভিবাসীর সংখ্যা ছিল ২ লাখ ৯২ হাজার ১০০ জন। জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট অবকাঠামোগত চাপ ও বাড়িভাড়া বৃদ্ধির কারণে দেশটির রাজনীতিতে অভিবাসন এখন একটি সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে।

তবে এই নতুন নীতির কড়া সমালোচনা করে সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ভায়োলেট রুমেলিওটিস বলেন, "রাজনৈতিক চাপে নেওয়া এই জাতীয় সিদ্ধান্ত বিশ্বব্যাপী মেধা আকর্ষণের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতামূলক অবস্থানকে ব্যাহত করবে।"

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ